চন্দ্রনাথ খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার বালিয়ার শোরুম থেকে, মিলেছে কার্তুজও
বর্তমান | ২২ মে ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র বালিয়ার জাতীয় সড়কের পাশে একটি গাড়ির শোরুম থেকে উদ্ধার করল সিবিআই। খুনের পর এই আগ্নেয়াস্ত্র মাফিয়া জ্ঞানেন্দ্র সিং দিয়ে গিয়েছিল গাজিপুরের বাসিন্দা বিনয় ওরফে নবীন সিংকে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে তিনটি পিস্তল ও দুটি রিভলভার। একটি পিস্তল আবার আমেরিকায় তৈরি বলে জানা গিয়েছে। মিলেছে কার্তুজের খোলও। এগুলি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
দু’দিন আগেই উত্তরপ্রদেশের বারাণসী থেকে কোল মাফিয়া বিনয় ওরফে নবীনকে গ্রেপ্তার করে সিবিআই। জানা যায় এই নবীনের কাছে সুপারির টাকা এসেছিল। সেই টাকায় কেনা হয়েছিল আর্মস। নবীন জেরায় তদন্তকারীদের জানায়, গত ৭মে তার সঙ্গে বালিয়ার মাফিয়া জ্ঞানেন্দ্র প্রতাপ সিং দেখা করে। তার সঙ্গে ছিল শার্প শ্যুটার রাজ কুমার সিং ও গোলু সিং। জ্ঞানেন্দ্রর কাছে একটি ব্যাগ ছিল। নবীন সিবিআইকে জানিয়েছে, গ্যাংস্টার তাকে বলেছিল খুনে ব্যবহৃত আর্মস তার কাছে রেখে দিতে। সেইমতো জ্ঞানেন্দ্র আগ্নেয়াস্ত্র ভর্তি যে ব্যাগ দিয়েছিল, সেটি রেখে দেয়। বালিয়ায় তার পরিচিতের গাড়ির শো রুম রয়েছে। সেখানে এই অস্ত্রগুলি রেখে আসে। তারপরই তাকে সঙ্গে নিয়ে ওই শোরুমে হানা দিয়ে খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করেন তদন্তকারীরা। মিলেছে পয়েন্ট ৩২ বোরের ৪৫টি কার্তুজ এবং তিনটি গুলির খোল। এখান থেকেই অফিসাররা নিশ্চিত হন, এগুলি চন্দ্রনাথকে খুন করতে ব্যবহার করা হয়েছিল। নবীনের তথ্যের ভিত্তিতে বালিয়ার মাফিয়া জ্ঞানেন্দ্র সিংয়ের বাড়িতে হানা দেয় সিবিআই টিম। কিন্তু সেখানে তাকে পাওয়া যায়নি। এমনকী তার সহযোগীও গোলুও বেপাত্তা। তাদের খোঁজ চলছে। পাশাপাশি এই ঘটনায় রাজ্য পুলিশের হাতে ধৃত রাজকুমার সিংয়ের যোগ না মেলায় তাকে ছেড়ে দিয়েছে আদালত। বৃহস্পতিবারই তিনি উত্তরপ্রদেশের বাড়িতে ফিরেছেন। সেখানে তিনি জানিয়েছেন, তাঁর গ্রেপ্তারিতে ভুল ছিল। এমনকি গ্রেপ্তারের পর এনকাউন্টার হয়ে যেতে পারেন, এই আতঙ্ক তাঁকে তাড়া করছিল।