আজ রাত থেকে চিংড়িঘাটায় শুরু মেট্রোর দ্বিতীয় দফার কাজ
বর্তমান | ২২ মে ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চিংড়িঘাটাতে দ্বিতীয় পর্যায়ে মেট্রোর কাজ আজ শুক্রবার ফের শুরু হওয়ার কথা। আজ রাত ৮টা থেকে সোমবার অর্থাৎ ২৫ মে সকাল ৮টা পর্যন্ত এই কাজ চলবে। দ্বিতীয় পর্যায়ে এই রুটে ৩১৮ নম্বর এবং ৩১৯ নম্বর পিলার জোড়ার কাজ হবে। এর ফলে চিংড়িঘাটাতে প্রায় ১৫ মাস ধরে আটকে থাকা ৩৬৬ মিটার অংশের কাজ শেষ হয়ে যাবে।
চিংড়িঘাটায় নিউ গড়িয়া-এয়ারপোর্ট রুটে অরেঞ্জ লাইনের এই অংশের কাজ শেষ হলে কবি সুভাষ বা নিউ গড়িয়া থেকে সল্টলেক আইটি সেন্টার পর্যন্ত মেট্রোর পরিষেবা দিতে আর কোনো বাধা থাকবে না। সেক্ষেত্রে সল্টলেক, নিউ টাউনের বাসিন্দাদের পাশাপাশি সেক্টর ফাইভের লক্ষাধিক অফিসযাত্রী উপকৃত হবেন। তবে তার আগে অবশ্য এই নতুন অংশে মেট্রোর লাইন পাতা, বিদ্যুৎ সংযোগের কাজ শেষ করতে হবে।
মেট্রো রেলের এক সূত্র জানাচ্ছে, এখন কার্যত যুদ্ধকালীন তৎপরতায় এই রুটে মেট্রোর কাজ চলছে। সব ঠিক থাকলে, চলতি বছরের পুজোর আগে সল্টলেক আইটি সেন্টার পর্যন্ত মেট্রো পরিষেবা দেওয়া সম্ভব। প্রথম পর্যায়ের মতো দ্বিতীয় পর্যায়ের কাজের জন্য ফের চিংড়িঘাটায় যান নিয়ন্ত্রণ করবে কলকাতা ট্রাফিক পুলিশ। কলকাতা পুলিশের এক সূত্র জানাচ্ছে, এবারও উল্টোডাঙাগামী যানবাহন মাঝেরপাড়াতে ভেড়ির উপর দিয়ে তৈরি সার্ভিস রোড হয়ে চলাচল করবে। তেমনি রুবিগামী যানবাহনকে চিংড়িঘাটা পর্যন্ত এসে দক্ষিণদিকে ৩০০ মিটার ঘুরে ফের বাইপাস ধরে আগের মতো সায়েন্স সিটি অভিমুখে আসতে হবে। পাশাপাশি, প্রথম ধাপের মতো মেট্রোর কাজ চলার সময়, চিংড়িঘাটা ফ্লাইওভার সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত আগের মতো খোলা থাকবে। এই কাজ চলার সময় নিউটাউনগামী যানবাহন এই ফ্লাইওভার দিয়ে যাবে। উল্লেখ্য, আজ শুক্রবার সরকারি-বেসরকারি অফিস কাছারি সব খোলা। ফলে আজ রাত ৮টা নাগাদ মেট্রোর কাজের জন্য বাইপাসে যান নিয়ন্ত্রণ শুরু হলে, প্রথম দিকে সামান্য জট তৈরি হতে পারে। তবে শনিবার-রবিবার ছুটি থাকায় তেমন কোনো সমস্যা হবে না।