• দম্পতির ভূমিকায় চঞ্চল পৌলমী
    বর্তমান | ২২ মে ২০২৬
  • দেশভাগ নিয়ে বহু চেনা গল্পের বাইরে রয়েছে এক দুনিয়া, যেখানে ব্যক্তিগত জীবনের অনেক লড়াই আজও অজানা। চার দেওয়ালের মধ্যে থাকা সেই মানুষগুলি কতটা স্বাধীনতা বা মুক্তির স্বাদ পেয়েছিল? কেমন ছিল তাদের জীবন? পরিচালক সুমন মুখোপাধ্যায় পরিচালিত ‘আজাদি’ ছবির মাধ্যমে ফুটে উঠবে দেশভাগের ইতিহাসের বাইরের অচেনা এক গল্প। সুমনের হাত ধরেই অভিনয় জগতে পথ চলা শুরু পৌলোমী দাসের। সৌজন্যে ‘অসমাপ্ত’। দীর্ঘ সাত বছর পর এই পরিচালকের ছবিতেই কাজ করছেন অভিনেত্রী। প্রথমবার চঞ্চল চৌধুরীর সঙ্গে জুটি বাঁধলেন পৌলোমী। চরিত্রটির সারল্য, পরিচালকের সঙ্গে দ্বিতীয়বার কাজের সুযোগ এবং চঞ্চল চৌধুরীর মতো অভিনেতার উজ্জ্বল উপস্থিতি, সমস্ত বিষয় পৌলোমীকে রাজি হওয়ার ইন্ধন জুগিয়ে ছিল। ‘চঞ্চল চৌধুরী অসামান্য একজন অভিনেতা, সেটা তো আমরা সকলেই জানি। তবে তার থেকেও বেশি তিনি অসাধারণ একজন মানুষ। আমার সঙ্গে ওঁর ঘটনাচক্রে সেটে গিয়ে আলাপ। এক মুহূর্তের জন্যও মনে হয়নি, সদ্য পরিচয় হয়েছে। আমাদের স্বামী-স্ত্রীর চরিত্রে কাজ। শ্যুটিং শুরু হওয়ার আগে মাত্র আধঘণ্টার আলাপচারিতায় এমন সুন্দর একটা প্রফেশনাল বন্ধুত্ব গড়ে ওঠে। এরকম মানুষদের সঙ্গে কাজ করলে অনেক কিছু শেখা যায়’, বললেন পৌলোমী। শ্যুটিং হয়েছে কলকাতার বিক্ষিপ্ত জায়গায়। ডাবিং ইতিমধ্যেই শেষ। চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। এরপরই বিভিন্ন ফেস্টিভ্যাল ঘুরে, কলকাতাতেও মুক্তি পেতে চলেছে ‘আজাদি’।
  • Link to this news (বর্তমান)