এই দিনটার জন্যই দায়িত্ব নিয়েছিলাম, আবেগতাড়িত মন্তব্য অস্কারের
বর্তমান | ২২ মে ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তিনি ইস্ট বেঙ্গল অনুরাগীদের প্রিয় ‘ক্যাপ্টেন’! দলের ভালো সময়ে থাকেন পিছনের সারিতে। তবে কোনও সমস্যা হলেই সবার আগে সামনে থেকে পরিস্থিতি সামাল দেন দেবব্রত সরকার। বৃহস্পতিবার দীর্ঘ ২২ বছরের প্রতীক্ষার অবসান ঘটতেই তাই শীর্ষকর্তাকে কাঁধে তুলে নিলেন সমর্থকরা। তাঁর গায়ের জার্সিতে লেখা— চ্যাম্পিয়ন, আছি-থাকব। আর সাফল্যের কৃতিত্ব দিলেন ইনভেস্টর কর্তাদের।
ইমামি কর্তা আদিত্য আগারওয়ালকে পাশে নিয়েই দেবব্রত সরকার বললেন, ‘গত ২২ বছরে আমরা একাধিক ট্রফি জিতেছি। শুধু জাতীয় লিগটাই অধরা ছিল। অবশেষে শাপমোচন ঘটল। এর জন্য দলের প্রতিটি ফুটবলার, কোচিং স্টাফকে ধন্যবাদ জানাতে চাই। সেই সঙ্গে ইমামিকে বিশেষ ধন্যবাদ। ক্লাবের কঠিন সময়ে তারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছিল। তাই এই সাফল্যের পর তাদের ধন্যবাদ জানাতেই হবে।’ এরপরই ক্লাবের সঙ্গে আগামী দিনের পরিকল্পনা প্রসঙ্গে ইমামি কর্তা জানান, ‘আমরা দ্রুত আলোচনায় বসব।’
ইস্ট বেঙ্গলের সাফল্যের অন্যতম কাণ্ডারি অবশ্যই কোচ অস্কার ব্রুজোঁ। শেষ বাঁশি বাজতেই গ্যালারির দিকে ছুটে গেলেন স্প্যানিশ হেডমাস্টার। হাত উঁচিয়ে বোঝাতে চাইলেন, ‘আমি পেরেছি।’ নিমেষেই পিলপিল করে সমর্থকরা ফেন্সিং টপকে কোচকে ছোঁয়ার চেষ্টা করলেন। কেউ আবার লাল আবির লাগিয়ে দিলেন অস্কারের গালে। সমর্থকদের ভালোবাসার অত্যাচারে কোনো অস্বস্তি নেই কোচের। বরং হাসি মুখেই আবেগে গা ভাসালেন কোচ। বললেন, ‘এই দিনটার জন্যই ইস্ট বেঙ্গলের দায়িত্ব নিয়েছিলাম। আজও মনে আছে, প্রথম ম্যাচে ডার্বি’র ডাগ-আউটে দাঁড়িয়ে সমর্থকদের কষ্টটা উপলদ্ধি করেছিলাম। আজ সেই উৎসবের দিন।’ এরপরই ভবিষ্যতের পরিকল্পনা প্রসঙ্গে লাল-হলুদ কোচের মন্তব্য, ‘সামনে অনেক সময় রয়েছে। ক্লাব যদি নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগতে চায়, আমি তা শুনতে রাজি।’
লিগ জয়ের জন্য ইস্ট বেঙ্গল ক্লাবকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, ‘ঐতিহাসিক জয়! চ্যাম্পিয়ন হওয়ার জন্য ইস্ট বেঙ্গলকে শুভেচ্ছা ও অভিনন্দন। এই গৌরবময় মুহূর্ত শুধু ইস্ট বেঙ্গল সমর্থকদের নয়, সমগ্র পশ্চিমবঙ্গ তথা বিশ্বের অসংখ্য ফুটবলপ্রেমী বাঙালির জন্য গর্বের।’
এদিকে, কিশোর ভারতীতে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেওয়ার কথা ছিল মাঠেই। মঞ্চও তৈরি ছিল। কিন্তু প্রায় হাজার পাঁচেক সমর্থক মাঠে ঢুকে পড়ায় রশিদ, এজ্জেজারিদের হাতে ট্রফি তুলে দেওয়া হল ভিআইপি বক্সের ব্যালকনিতে।