• ধর্মঘট, ছুটি মিলিয়ে রাজ্যে টানা পাঁচদিন স্টেট ব্যাঙ্ক বন্ধের সম্ভাবনা, ভোগান্তির আশঙ্কা গ্রাহকদের
    এই সময় | ২২ মে ২০২৬
  • এই সময়: নতুন নিয়োগ, কর্মীদের বেতন বৈষম্য, পদোন্নতি সমেত একগুচ্ছ দাবিতে আগামী ২৫-২৬ মে দু’দিনের ধর্মঘটের ডাক দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্মী সংগঠন অল ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টাফ ফেডারেশন। বৃহস্পতিবার সেন্ট্রাল লেবার কমিশনারের অফিসে স্টেট ব্যাঙ্কের কর্মী সংগঠন এবং ম্যানেজমেন্টের মধ্যে বৈঠক হলেও কোনও রফাসূত্র মেলেনি। সেন্ট্রাল লেবার কমিশনারের তরফে কর্মী সংগঠনকে ধর্মঘট তুলে নেওয়ার আর্জি জানানো হলেও তাতে রাজি হয়নি সংগঠন।

    এর প্রেক্ষিতে কাল, শনিবার ফের আলোচনার দিন ধার্য হয়েছে। ওই দিন আলোচনায় রফাসূত্র না পাওয়া গেলে এই রাজ্যে সমেত সারা দেশেই টানা পাঁচদিন স্টেট ব্যাঙ্কের সমস্ত শাখা বন্ধ থাকবে। জম্মু ও কাশ্মীরের ক্ষেত্রে তা টানা ছ’দিন হতে চলেছে। কাজেই আপনি যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) গ্রাহক হন, তা হলে ব্যাঙ্কের শাখায় গিয়ে কোনও জরুরি কাজ মেটানোর থাকলে দেরি না করে আজ, শুক্রবারই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।

    ২৩ মে মাসের চতুর্থ শনিবার এবং ২৪ মে রবিবার হওয়ায় ব্যাঙ্ক এমনিতেই বন্ধ থাকবে। অন্য দিকে, এসবিআই-এর কর্মী সংগঠন ধর্মঘটের সিদ্ধান্তে অনড় থাকলে ২৫-২৬ মে, অর্থাৎ, সোমবার ও মঙ্গলবার এসবিআই-এর সমস্ত শাখা বন্ধ থাকবে। এর পাশাপাশি ২৭ মে বকরি ইদ উপলক্ষে ছুটির কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে। জম্মু ও কাশ্মীরে বকরি ইদ-এর কারণে ২৭-২৮ মে দু’দিন ছুটি ঘোষণা করা হয়েছে। কাজেই সেখানে অতিরিক্ত একদিন এসবিআই-এর শাখা বন্ধ থাকতে চলেছে।

    দীর্ঘ পাঁচদিন ব্যাঙ্ক বন্ধ থাকলে এসবিআই-এর এটিএমগুলিতেও টাকা শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।
  • Link to this news (এই সময়)