লক্ষ্য ভবিষ্যৎ-উপযোগী কর্মী ও উদ্যোক্তা তৈরি, নয়া চুক্তি কলকাতা বিশ্ববিদ্যালয় ও বিবিসি'র
eTV Bharat | ২২ মে ২০২৬
কলকাতা, 20 মে: দক্ষ ও ভবিষ্যৎ-উপযোগী কর্মী এবং উদ্যোক্তা তৈরি করতে বিশেষ উদ্যোগ নিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ম্যানেজমেন্ট বিভাগ ৷ কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ম্যানেজমেন্ট বিভাগ এবং বেঙ্গল বিজনেস কাউন্সিল মিলে শিক্ষা-শিল্প পার্টনারশিপ বা চুক্তি করল ৷
ফ্ল্যাগশিপ এমবিএ ডুয়াল স্পেশালাইজেশন-সহ স্বল্প খরচে আশুতোষ কলেজে বিজনেস ম্যানেজমেন্টের দু’টি কোর্স চালু হয়েছে ৷ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট রুমে বেঙ্গল বিজনেস কাউন্সিলের সঙ্গে এই সমন্বয় ঘোষণা করা হয়েছে ৷ বাংলার ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলা এবং প্রতিভা ভাণ্ডারকে শক্তিশালী করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে ৷ এর ফলে, প্রতি বছর 200 জন শিক্ষার্থী উপকৃত হবেন বলে দাবি করেছেন উভয় পক্ষের প্রতিনিধিরা ৷
কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আশুতোষ ঘোষ বলেন, "কলকাতা বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গে শিল্প ও শিক্ষাঙ্গন সহযোগিতার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে ৷ আমরা অর্থবহ সমন্বয় গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি ৷ শ্রেণিকক্ষের শিক্ষাকে বাস্তব জগতের অনুশীলনের সঙ্গে যুক্ত করে আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য যুগান্তকারী সুযোগ তৈরি করবে ৷ এই ধরনের সংযোগ রাজ্যের অর্থনৈতিক উন্নয়নের জন্য উদ্যোগী প্রতিভাকেও উৎসাহিত করবে ৷"
বেঙ্গল বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান অভিষেক অডি বলেন, "আজকের দিনে ব্যবসায়িক পরিবেশের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সুযোগ তৈরির জন্য শিল্প ও শিক্ষাঙ্গনের মধ্যে একটি শক্তিশালী সংযোগ অপরিহার্য ৷ এই সহযোগিতা শুধু ইন্টার্নশিপ বা প্লেসমেন্টের মধ্যেই সীমাবদ্ধ নয়; এর উদ্দেশ্য হল আত্মবিশ্বাস তৈরি করা, উদ্ভাবনকে উৎসাহিত করা ৷ সঠিক জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ে শিক্ষার্থীদের ভবিষ্যতের চ্যালেঞ্জের মোকাবিলার জন্য প্রস্তুত করা ৷ আমরা বিশ্বাস করি, এই ধরনের উদ্যোগ বাংলার মেধা-পরিবেশকে শক্তিশালী করতে এবং পরবর্তী প্রজন্মকে ব্যবসায়িক ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ৷"
কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ম্যানেজমেন্ট বিভাগের প্রধান অধ্যাপক শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায় বলেন, "বিবিসি-র সহযোগিতায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের এমবিএ প্রোগ্রামকে গতিশীল করা হল ৷ বিজনেস ম্যানেজমেন্ট শিক্ষার সঙ্গে বাস্তব জগতের ব্যবসায়িক অভিজ্ঞতাকে একত্রিত করে এনইপি-র পথ প্রশস্ত করবে ৷ শিক্ষার্থীদের প্রত্যাশাকে বাস্তবতার সঙ্গে মেলাবে ৷ এই সমন্বয় উদ্যোক্তা বা ব্যবসায়ী হতে উৎসাহিত করবে আগামী প্রজন্মকে ৷"
বেঙ্গল বিজনেস কাউন্সিলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত বলেন, "শিল্পের ভবিষ্যৎ গড়ে তুলবে এমন যুবসমাজ, যারা শুধু শিক্ষাগতভাবেই শক্তিশালী নয়, বরং বাস্তব জ্ঞান, নতুন-নতুন উদ্যোগী চিন্তাভাবনার ক্ষমতা এবং নেতৃত্ব দিতে পারেন ৷ আমরা একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি করতে চাইছি, যেখানে শিক্ষার্থীরা অভিজ্ঞ শিল্পপতিদের সঙ্গে সরাসরি মতবিনিময় করতে পারবেন ৷ শিল্পের পরিবর্তনশীল প্রত্যাশাকে বুঝতে ও বাস্তব জগতের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন ৷ যা তাঁদের পেশাগত অভিজ্ঞতাকে আরও শক্তিশালী করবে ৷"
উভয় তরফে দাবি করা হয়েছে যে, শিল্পক্ষেত্রের নেতৃত্ব প্রদানকারী, উদ্যোক্তা এবং বেঙ্গল বিজনেস কাউন্সিলের (বিবিসি) সদস্যরা অতিথি শিক্ষক, পরামর্শদাতা ও বক্তা হিসেবে শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত যুক্ত হবেন ৷ তাঁদের মূল্যবান শিল্প-সম্পর্কিত অন্তর্দৃষ্টি ও বাস্তব অভিজ্ঞতা প্রদান করবেন ৷ শিক্ষার্থীরা বিবিসি-র বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগও পাবে, যা তাঁদের হাতে-কলমে শিল্প অভিজ্ঞতা অর্জন করতে এবং বাস্তবের ব্যবসায়িক রীতিনীতি সম্পর্কে গভীর ধারণা তৈরি করতে সক্ষম করবে ৷ এছাড়াও, ব্যবসায়িক নেটওয়ার্কের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগও তৈরি করবে ৷