• মারধর ও ভোট-পরবর্তী হিংসায় জড়িত থাকার অভিযোগ, ডেবরা ও সবংয়ে গ্রেপ্তার দুই তৃণমূল নেতা
    এই সময় | ২২ মে ২০২৬
  • এই সময়, খড়্গপুর: পশ্চিম মেদিনীপুরে্ গ্রেপ্তার হলেন তৃণমূলের দুই নেতা। এঁদের একজন ডেবরা ব্লক তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত সভাপতি প্রদীপ কর। অন্যজন সবং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তরুণ মিশ্র। বৃহস্পতিবার জেলার দুই ব্লকের দুই প্রভাবশালী নেতার গ্রেপ্তারিতে আরও চাপে তৃণমূল কর্মী-সমর্থকরা। গ্রেপ্তারি ঘটনায় খুশি বিজেপির দাবি, সন্ত্রাসের পরিবর্তে এ বার মানুষ সুশাসন পাবে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রদীপের বিরুদ্ধে ২০২৫–এ একজনকে গালাগালি ও মারধরের অভিযোগ ছিল। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তরুণকে গ্রেপ্তার করা হয়েছে ২০২১–এ ভোট পরবর্তী হিংসার অভিযোগে। তরুণের গ্রেপ্তারি নিয়ে সবং ব্লক তৃণমূল সভাপতি আবু কালাম বক্স বলেন, ‘আমরা পুলিশের কাছ থেকে যেটুকু জানতে পেরেছি, তাতে নাকি ওঁর বিরুদ্ধে ২০২১–এর ভোট পরবর্তী হিংসার অভিযোগ রয়েছে। যদিও তরুণের দাবি, তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ ছিল না। বিষয়টিতে আমরা নজরে রাখছি।' বিজেপির অভিযোগ, ভেমুয়া পঞ্চায়েতের খড়াই গ্রামের অভিযুক্ত তৃণমূল নেতা তরুণ ২০২১–এ ভোটের পরে হাড়হিম করা সন্ত্রাস চালিয়েছিল এলাকায়। মানুষ ভয়ে অভিযোগ পর্যন্ত জানাতে পারেনি। কোনও কোনও ক্ষেত্রে অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নিত না। ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি অমূল্য মাইতি বলেন, ‘২০২১–এর নির্বাচনের পরে আমাদের শতাধিক কার্যকতার উপরে এমন সন্ত্রাস হয়েছিল যে, সবাই এলাকা ছাড়তে বাধ্য হয়েছিল। কারও হাত–পা ভেঙেছিল, ঘর লুট, পুকুর থেকে মাছ লুট কী করেনি তৃণমূল! আমরা মুখ্যমন্ত্রীর পরামর্শ মেনে এখন তরুণ-সহ এলাকায় সন্ত্রাস সৃষ্টিকারী কয়েক জনের বিরুদ্ধে ফের অভিযোগ জানিয়েছিলাম। পুলিশ তদন্ত করে তরুণকে গ্রেপ্তার করেছে।’

    অন্যদিকে, প্রদীপকে গ্রেপ্তারের পরে অনেকেই তাঁর বিরুদ্ধে মুখ খুলছেন। তৃণমূল নেতা-কর্মীদের অনেকের অভিযোগ, দুর্নীতির মাথা ছিলেন প্রদীপ। সেই টাকায় একাধিক সম্পত্তি থেকে বিঘা তিনেক জমির উপরে বিলাসবহুল বাগান বাড়ি তৈরি করেছেন। ডেবরার প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের কথায়, ‘ওঁর অনেক আগেই গ্রেপ্তার হওয়া উচিত ছিল। এত দুর্নীতি করেছে যে, দলকে পথে বসিয়ে দিয়েছিল।’

    দুর্নীতি করলে আপনাদের সরকার কেন গ্রেপ্তার করেনি? জবাবে হুমায়ুনের দাবি, ‘আমি বহুবার শীর্ষ নেতৃত্বকে জানিয়েছি। কোনও অ্যাকশন হয়নি। উল্টে আমার ক্ষতি হয়েছে। আশা করব, বর্তমান সরকার খতিয়ে দেখবে কোন কোন কাজে দুর্নীতি হয়েছে, কোথা থেকে কাটমানি গিয়েছে। যারা এ সব করেছে তাদের সাজা হওয়া দরকার।’

  • Link to this news (এই সময়)