ভোটে হারতেই 'নিখোঁজ' প্রাক্তন মন্ত্রী মানস ভুঁইয়া?
আজকাল | ২২ মে ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: সবং বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী মানস ভুঁইয়াকে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে আর সেভাবে এলাকায় দেখা যাচ্ছে না বলে দাবি স্থানীয়দের একাংশের। নির্বাচনে বিজেপি প্রার্থী অমল কুমার পণ্ডার কাছে পরাজিত হওয়ার পর থেকেই রাজনৈতিক কর্মকাণ্ড থেকেও অনেকটাই দূরে সরে গিয়েছেন তিনি। এমনটাই মনে করছেন এলাকার মানুষ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সবংয়ের ভিকনীনিশ্চিন্তপুরে অবস্থিত মানস ভূঁইয়ার বাড়িতে এক সময় সকাল থেকে রাত পর্যন্ত নেতা-কর্মী, অনুগামী ও সাধারণ মানুষের ভিড় লেগে থাকত।
রাজনৈতিক আলোচনা, বিভিন্ন সমস্যা সমাধান কিংবা দলীয় বৈঠক সবকিছুর কেন্দ্রবিন্দু ছিল এই বাড়ি। কিন্তু বর্তমানে সেই চেনা ছবিতে এসেছে বড় পরিবর্তন। এখন বাড়ির চারপাশে নেমে এসেছে নীরবতা। নেই আগের মতো কোলাহল বা রাজনৈতিক কর্মব্যস্ততা। স্থানীয়দের বক্তব্য, বর্তমানে বাড়িতে রয়েছেন শুধু এক মহিলা ও এক পুরুষ কর্মী। তাঁরাই রান্নাবান্না ও বাড়ির রক্ষণাবেক্ষণের দায়িত্ব সামলাচ্ছেন।
তবে মানস ভূঁইয়াকে এলাকায় দেখা যায়নি বলে দাবি অনেকের। যদিও প্রাক্তন মন্ত্রী ঠিক কী কারণে বাড়ির বাইরে রয়েছেন, তা নিয়ে স্পষ্ট কোনও তথ্য সামনে আসেনি। তবে বিষয়টি ঘিরে এলাকায় নানা জল্পনা তৈরি হয়েছে। কেউ বলছেন রাজনৈতিক হতাশা, আবার কেউ বলছেন ব্যক্তিগত কারণেই আপাতত জনসমক্ষে আসছেন না তিনি।
প্রাক্তন মন্ত্রীর আর এলাকায় দেখা না মিললেও, পরিবর্তিত পরিস্থিতিতে এলাকাবাসীর একাংশের দাবি, বর্তমানে এলাকায় আগের মতো কোনও রাজনৈতিক উত্তেজনা বা আতঙ্কের পরিবেশ নেই। পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে বলেই মত তাঁদের। সব মিলিয়ে, এক সময়ের রাজনৈতিকভাবে অত্যন্ত সক্রিয় এই বাড়ির বর্তমান নিস্তব্ধতা ঘিরে এখন চর্চা তুঙ্গে সবংয়ের রাজনৈতিক মহলে।