• আজই ভ্যাপসা গরম থেকে সাময়িক মুক্তি, কোন কোন জেলায় বৃষ্টির অ্যালার্ট?
    আজ তক | ২২ মে ২০২৬
  • সকাল থেকেই ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা। আর্দ্রতাজনিত অস্বস্তি একবারে চরমে উঠেছে। আর খুব শীঘ্রই এই ধরনের আবহাওয়া থেকে মুক্তি নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। বরং এমন পরিস্থিতি আরও কিছুদিন চলবে। 

    তাই আর সময় নষ্ট না করে ২২ মে, শুক্রবারের আবহাওয়ার আপডেট জেনে নিন। এই প্রতিবেদনে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস রইল। 

    দক্ষিণবঙ্গে কোথায় কেমন থাকবে আবহাওয়া? 
    হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আজ পশ্চিম বর্ধমান, বীরভূম ও পূর্ব বর্ধমান জেলায় আংশিক মেঘলা থাকবে আকাশ। তবে তাতে গরম কমবে না। বরং আর্দ্রতাজনিত কারণে অস্বস্তি বাড়বে। এ দিন এই সব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ২৬ ডিগ্রি থেকে ২৮ ডিগ্রির মধ্যে। বাতাসে আর্দ্রতা থাকতে পারে ৬৫ শতাংশ থেকে ৮০ শতাংশের মধ্যে। 

    যদিও দক্ষিণবঙ্গের দুই জেলায়, নির্দিষ্ট করে বললে বীরভূম এবং বর্ধমানের কিছু জায়গায় ৪০ থেকে ৫০ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রপাত ও দমকা হওয়া বইতেও পারে। এমনটাই আপডেট দিয়েছে আবহাওয়া দফতর। 

    কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?  
    কলকাতা, হাওড়া হুগলির মতো গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরমের দাপট অব্যাহত থাকার সম্ভাবনা প্রবল। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এই দিন বাতাসে আর্দ্রতার মান পৌঁছে যেতে পারে ৭০ থেকে ৮৫ শতাংশ। যার ফলে অস্বস্তি বাড়বে বই কমবে না। যদিও আজ বিকেলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই বৃষ্টি কোনওভাবেই স্বস্তি দেবে না। 

    ও দিকে দুই মেদিনীপুরে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ থেকে ৩৭ ডিগ্রির মধ্যে। বাতাসে আর্দ্রতা থাকতে পারে ৭০ থেকে ৮০ শতাংশ। যদিও আজ বিকেলে হতে পারে বৃষ্টি। এমনকী বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হওয়া বইতে পারে।

    গরমের দাপট থাকবে কোথায়? 
    পশ্চিমবঙ্গের পশ্চিমের পুরুলিয়া, ঝাড়গ্রামে গরম চরমে উঠেছে। এই সব জেলায় তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। তবে শুক্রবার বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামের কিছু অংশে কালবৈশাখী হতে পারে। যার ফলে সাময়িকভাবে হলেও স্বস্তি ফিরবে।  

    উত্তরবঙ্গের আবহাওয়া 
    দক্ষিণবঙ্গ পুড়ছে। অপরদিকে বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গ। উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সব জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। 

     
  • Link to this news (আজ তক)