শনিবার কলকাতায় আসছেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও, জল্পনা শুরু বিনিয়োগ নিয়ে! জেনে নিন তাঁর সফরসূচি
News18 বাংলা | ২২ মে ২০২৬
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: কলকাতায় আসছেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। আগামিকাল, শনিবার কলকাতায় ঝটিকা সফরে আসছেন সস্ত্রীক মার্কিন বিদেশ সচিব। কলকাতায় মাদার হাউজে তিনি যাবেন। সেখানে গিয়ে সেন্ট টেরিজা টুম্বে প্রার্থনা করবেন মার্কিন বিদেশ সচিব। তারপর ভিক্টোরিয়া মেমোরিয়ালেও যাবেন তিনি। কিছুটা সময় কলকাতায় কাটানোর পর তিনি ফিরে যাবেন দিল্লিতে। শনিবার দিল্লিতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন মার্কিন বিদেশ সচিব। কিন্তু তিনি তাঁর ভারত সফর শুরু করছেন কলকাতা দিয়েই বলে সূত্র মারফত খবর। শনিবার ভোরবেলায় মার্কিন বিদেশ সচিব কলকাতায় পৌঁছাবেন। প্রথমে যাবেন মাদার হাউস, তারপর ভিক্টোরিয়া ৷ ইতিমধ্যেই তাঁর কলকাতায় আসার খবর কলকাতায় অবস্থিত মার্কিন দুতাবাস থেকে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যকে বলে সূত্রের খবর। দীর্ঘ ১৪ বছর পর ফের কোনও হাই-প্রোফাইল মার্কিন বিদেশ সচিবের পা পড়তে চলেছে তিলোত্তমায়। শেষবার ২০১২ সালের নভেম্বর মাসে তৎকালীন মার্কিন বিদেশসচিব হিলারি ক্লিন্টন কলকাতায় এসেছিলেন।
মার্কো রুবিও কলকাতায় সফরসূচি-
23rd May, Saturday
7:05am: Arrival in Kolkata
8:20am: Tour of Mother House
9:45am: Visit to Children’s Home
11:20am: Depart from Kolkata
এই প্রথমবার ভারত সফরে আসছেন মার্কিন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। জানা গিয়েছে, তিনি ভারত সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন। বৈঠক হতে পারে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও। যোগ দেবেন কোয়াড অন্তর্ভুক্ত দেশগুলি (ভারত, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া)-র বিদেশমন্ত্রীদের বৈঠকে। এই সফরে তিনি কলকাতায় আসবেন। কলকাতার পাশাপাশি আগ্রা, জয়পুর এবং নয়া দিল্লিতেও যাবেন রুবিও। পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তনের পরেই স্বয়ং মার্কিন সেক্রেটারি অব স্টেটের সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সেক্ষেত্রে কলকাতায় নতুন বিনিয়োগের কোনও রাস্তা প্রশস্ত হয় কিনা, নজর থাকবে সেদিকে।