এই সময়, ময়নাগুড়ি: ভোটের ফলাফলের পর থেকে থমকে রয়েছে ময়নাগুড়ি পুরসভার পরিষেবা। নাকাল হচ্ছেন শহরবাসী। এই অভিযোগে বৃহস্পতিবার ময়নাগুড়ি পুরসভা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। পাশাপাশি চেয়ারম্যান মনোজ রায়ের পদত্যাগের দাবি করা হয়। প্রায় এক ঘণ্টা এই বিক্ষোভ চলে।
বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর ময়নাগুড়ি পুরসভার পরিষেবা প্রায় বন্ধ হয়ে রয়েছে। বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহের পরিষেবা যেমন বন্ধ, তেমনই নিকাশি নালা সংস্কারের কাজ থমকে রয়েছে। পরিষেবা না পেয়ে এদিন পুর নাগরিকরা পুরসভা ঘেরাও করেন। বিক্ষোভকারী মমতা বসু, সোমা বর্ধন বলেন, 'পুর পরিষেবা তলানিতে ঠেকেছে। চার বছর পুরসভা ঘোষণা হওয়ার পরেও সব বাড়িতে আজ অবধি পানীয় জল এসে পৌঁছল না। নিকাশি ব্যবস্থা বেহাল হয়ে থাকায় মশাবাহিত রোগের প্রকোপ বাড়ছে। বাড়ি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ বন্ধ। তাই আজ আমরা বিক্ষোভে সামিল হয়েছি।'
এ বিষয়ে চেয়ারম্যান মনোজ রায় বলেন, 'আজ ময়নাগুড়ির বাসিন্দারা কিছু দাবি দাওয়া নিয়ে এসেছিলেন। যদিও আগাম কিছু জানাননি। নির্বাচনের ফল প্রকাশের পর থেকে ময়নাগুড়ি সলিড ওয়েস্ট ম্যানাজমেন্ট প্রকল্প তালাবন্ধ করে রেখেছেন মানুষজন। ব্লক প্রশাসনের তরফে সেটি চালু করতে গিয়েও বাধাপ্রাপ্ত হতে হয়েছে। নির্বাচনী বিধিনিষেধ থাকায় অনেক প্রকল্পের কাজ আটকে ছিল।' তবে দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। তাঁর পদত্যাগের দাবি নিয়ে তিনি বলেন, 'আমার জন্যে শহরের ভাবমূর্তি নষ্ট হোক তা চাই না। আমিও পদত্যাগের বিষয়টি নিয়ে চিন্তাভাবনা শুরু করেছি।'
ময়নাগুড়ি বিজেপির যুব মোর্চার টাউন মণ্ডল সভাপতি সুজন মিত্র বলেন, 'শহরবাসীদের দীর্ঘদিন ধরেই পুরসভার পরিষেবা নিয়ে ক্ষোভ ছিল। বিজেপি কখনও জোর করে ক্ষমতা দখলের রাজনীতি করে না। পুরসভার নির্বাচনে জনগণ যা রায় দেবেন তাই চূড়ান্ত।'