জ্যৈষ্ঠ মাস শুরু হয়ে গিয়েছে, তা অবশ্য মালুম পড়ছে আবহাওয়ায়। এর মধ্যেই পড়েছে অধিকমাস বা পুরুষোত্তম মাস। সেই কারণে এবারের জ্যৈষ্ঠ পূর্ণিমাকে বলা হচ্ছে ‘জ্যৈষ্ঠ অধিক পূর্ণিমা’। এই পূর্ণিমা অত্যন্ত বিশেষ বলে মনে করা হচ্ছে, কারণ অধিকমাস প্রতি তিন বছরে একবার আসে। হিন্দু ধর্মে জ্যৈষ্ঠ মাসের নিজস্ব গুরুত্ব রয়েছে, আর এবছর অধিকমাস পড়ায় এই মাসের সময়কালও বেড়ে হয়েছে প্রায় ২ মাস।
এবারের জ্যৈষ্ঠ পূর্ণিমায় এক বিরল ও শুভ সংযোগ তৈরি হয়েছে। অধিকমাস থাকার কারণে জ্যৈষ্ঠ মাসে দু’বার পূর্ণিমা তিথি পড়ছে। শুধু তাই নয়, ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী মে মাসেও দু’টি পূর্ণিমা রয়েছে। ২০২৬ সালের ১ মে বৈশাখ পূর্ণিমা দিয়ে মাস শুরু হয়েছে। ৩১ মে আবার পূর্ণিমা পড়ছে। এই পূর্ণিমাই জ্যৈষ্ঠ মাসের প্রথম পূর্ণিমা বা অধিক পূর্ণিমা হিসেবে গণ্য হবে।
পাঁজি অনুযায়ী, জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি শুরু হবে ৩০ মে ২০২৬, শনিবার সকাল ১১টা ৫৭ মিনিটে। শেষ হবে ৩১ মে ২০২৬, রবিবার দুপুর ২টো ১৪ মিনিটে। তাই পূর্ণিমার উপোস বা ব্রত ৩০ মে পালন করা যেতে পারে। তবে স্নান-দান এবং পূর্ণিমা সম্পর্কিত প্রধান ধর্মীয় আচার ৩১ মে রবিবার পালন করাই অধিক শুভ বলে মনে করা হচ্ছে।
৩১ মে ব্রহ্মমুহূর্ত ছাড়াও অভিজিৎ মুহূর্ত থাকবে সকাল ১১টা ৫১ মিনিট থেকে দুপুর ১২টা ৪৭ মিনিট পর্যন্ত।
চন্দ্রোদয়ের সময় সন্ধ্যা ৭টা ৩৬ মিনিট।