বাংলাদেশে আটকে থাকা বীরভূমের পরিযায়ী শ্রমিকদের ১০ দিনের মধ্যে দেশে ফেরানো হোক। কেন্দ্রীয় সরকারকে কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
গত বছর জুন মাসে সোনালি বিবি-সহ ৬ জনকে ‘অনুপ্রবেশকারী’ সন্দেহে আটক করে বাংলাদেশে পাঠিয়ে (পুশ ব্যাক) দেওয়া হয় বলে অভিযোগ উঠেছিল। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে অন্তঃসত্ত্বা সোনালিকে দেশে ফেরানো হলেও, বাকিরা বাংলাদেশে আটকে রয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন সুইটি বিবিও। শুক্রবার তাঁদের সকলকেই দেশে ফেরানোর নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের ডিভিশন বেঞ্চ কেন্দ্রকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, বাংলাদেশে আটকে থাকা বীরভূমের সকল পরিযায়ী শ্রমিককেই দেশে ফেরাতে হবে। তার পরে তাঁদের নাগরিকত্ব যাচাইয়ের কাজ করবে কেন্দ্রীয় সরকার।
কাজের সন্ধানে দিল্লিতে গিয়ে আটক হয়েছিলেন সোনালি, সুইটিরা। পরে অভিযোগ ওঠে, সোনালি, তাঁর নাবালক সন্তান, স্বামী দানিশের পাশাপাশি দুই পুত্র-সহ সুইটিকে গত জুনে অসম সীমান্ত দিয়ে বাংলাদেশে ‘পুশ ব্যাক’ করা হয়। পরে জানা যায়, বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের পুলিশ অনুপ্রবেশকারী হিসাবে ছ’জনকে গ্রেপ্তার করেছে। টানা ১০০ দিন জেলে কাটিয়ে গত ডিসেম্বরে বাংলাদেশের আদালত থেকে জামিন পান তাঁরা। বিস্তর আইনি লড়াই এবং সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে ‘মানবিকতার খাতিরে’ গত বছর ৫ ডিসেম্বর অন্তঃসত্ত্বা সোনালি ও তাঁর আট বছরের ছেলেকে দেশে ফিরিয়েছে কেন্দ্র। ভারতে ফিরে সন্তানের জন্মও দিয়েছেন সোনালি। কিন্তু সুইটি ও তাঁর সন্তান এবং দানিশের ফেরা হয়নি।