ফের পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি। শুক্রবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি ছিল। এই ঘটনায় এতদিন পর্যন্ত যা তদন্ত হয়েছে, তার রিপোর্ট এ দিন সুপ্রিম কোর্টে পেশ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ আগামী ১৮ অগস্ট হবে এই মামলার পরবর্তী শুনানি।
বিচারপতি প্রশান্তকুমার মিশ্র এবং বিচারপতি নিলয় ভিপিনচন্দ্র আঞ্জারিয়ার বেঞ্চে আইপ্যাক মামলার শুনানি ছিল শুক্রবার। যদিও এ দিন শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। সব আইনজীবীকে আদালত কক্ষে না দেখতে পেয়ে প্রশ্ন তোলেন বিচারপতি মিশ্র। কল্যাণ বলেন, ‘প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন ভার্চুয়ালি হাজির হওয়ার জন্য৷’ কল্যাণের কথা শুনে বিচারপতি মিশ্র বলেন, ‘ভার্চুয়ালি কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর ফিজিক্যালি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে অনেক পার্থক্য।’ বিচারপতি মিশ্র শেষে সব নথি জমা দেওয়ার নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি আই প্যাকের অন্যতম কর্ণধার প্রতীক জৈনের কলকাতার বাসভবন ও অফিসে তল্লাশি চালায় ইডি। সেখানে হঠাৎই হাজির হন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইডি-র অভিযোগ, তল্লাশির সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী আইপ্যাক-কর্তা প্রতীকের বাড়িতে ঢুকে নথিপত্র, ফাইল এবং ল্যাপটপ জোর করে বার করে এনেছিলেন। এই ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি।