• দাদপুরে গ্রেপ্তার তৃণমূলের গ্রাম সদস্য
    আজকাল | ২২ মে ২০২৬
  • মিল্টন সেন:জমি জবরদখলের চেষ্টা, শারীরিক নির্যাতন, খুনের চেষ্টা এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হলেন তৃণমূল কংগ্রেসের এক গ্রাম সদস্য। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির দাদপুর এলাকায়।

    পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে গত ২০ মে দাদপুর থানায় একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে।

    এর মধ্যে রয়েছে খুনের চেষ্টা, জবরদখল, শারীরিক নির্যাতন এবং শ্লীলতাহানির অভিযোগ। তদন্তে নেমে পুলিশ এফআইআরে নাম থাকা অভিযুক্ত কাশীনাথ ঘোষকে গ্রেপ্তার করে। ধৃতের বাড়ি দাদপুর থানার দিঘাগড়ি গ্রামে।

    পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বর্তমানে দাদপুর থানার সাটিথান পঞ্চায়েত এলাকার ডুমুরপুর গ্রামের তৃণমূল কংগ্রেসের গ্রাম সদস্য হিসেবে যুক্ত রয়েছেন। গ্রেপ্তারের পর অভিযুক্তকে চুঁচুড়া সদর আদালতে মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাসে তোলা হয়।

    তদন্তের স্বার্থে আদালতের কাছে পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে দাদপুর থানার পুলিশ। ইতিমধ্যেই, ধৃতকে জেরা করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
  • Link to this news (আজকাল)