আগামী মাসেই রাজ্যসভার ২৬ আসনে নির্বাচন, দিন ঘোষণা কমিশনের, বদলাবে সমীকরণ?
প্রতিদিন | ২২ মে ২০২৬
রাজ্যসভায় আট রাজ্যের ২৬ আসনের জন্য ভোট ঘোষণা নির্বাচন কমিশনের। এই ২৬ আসনের মধ্যে ২৪ আসনের বর্তমান সাংসদের মেয়াদ শেষ হচ্ছে। বাকি দুই আসনে ভোট হচ্ছে সাংসদরা মেয়াদের আগেই ইস্তফা দেওয়ায়। আগামী ১৮ জুন একসঙ্গে ওই ২৬ আসনে নির্বাচন হবে।
যে আট রাজ্যে নির্বাচন হচ্ছে সেগুলি হল অন্ধ্রপ্রদেশ, গুজরাট, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মণিপুর, মেঘালয়, রাজস্থান, অরুণাচল প্রদেশ, কর্নাটক এবং মিজোরাম। এর বাইরে মহারাষ্ট্রের এক আসন ও তামিলনাড়ুর এক আসনে রাজ্যসভার উপনির্বাচন হতে চলেছে। এই আট রাজ্যের মধ্যে অন্ধ্রে ৪, গুজরাটে ৪, ঝাড়খণ্ডে ২, মধ্যপ্রদেশে ৪, মণিপুরে ১, মেঘালয়ে ১, রাজস্থানে ৪, অরুণাচলে ১, কর্নাটকে ৪, মিজোরামে ১ আসনে ভোট হবে।
এই আসনগুলির মধ্যে আপাতত বিজেপির দখলে রয়েছে ১২ আসন। কংগ্রেসের হাতে রয়েছে ৪ আসন। এ দফায় যে সব সাংসদের মেয়াদ শেষ হচ্ছে তাঁদের মধ্যে একাধিক হেভিওয়েট নাম রয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া, হেভিওয়েট কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংদের মেয়াদ শেষ হচ্ছে। এই মুহূর্তে বিভিন্ন বিধানসভার যা পরিস্থিতি তাতে নিজেদের ১২ আসন ধরে রেখেও দু-একটি আসন বাড়াতে পারে বিজেপি। আবার কংগ্রেসও এক-দুটি আসন বাড়িয়ে নিতে পারে।
২৪৫ আসনের মধ্যে এই মুহূর্তে বিজেপির হাতে রয়েছে ১১৩ জন সাংসদ। এনডিএ’র সম্মিলিত আসনসংখ্যা ১৪৪। যা ম্যাজিক ফিগারের চেয়ে অনেকটা বেশি। তবে, এবারের ভোটের পর এই সংখ্যাটা আরও বাড়বে বলে আশা গেরুয়া শিবিরের। এই ২৬ আসনের ফলপ্রকাশের পর এনডিএ সার্বিকভাবে ১৫০ আসনে চলে যেতে পারে। আবার বিজেপি একাই ১১৫-র কাছাকাছি চলে যেতে পারে। এদিকে কংগ্রেস-সহ বিরোধীদের অবস্থা সংকটজনক। এই মুহূর্তে বিরোধী শিবিরের সাংসদ সংখ্যা ৭৯। এর মধ্যে ২৭টি কংগ্রেসের। তৃণমূলের ১২ এবং ডিএমকের ৮ আসন রয়েছে।