• বাংলার বীর জওয়ানের কফিনবন্দি দেহ ফিরল বাঁকুড়ায়, চোখের জলে শেষ বিদায়
    প্রতিদিন | ২২ মে ২০২৬
  • বাঁকুড়ায় পৌঁছল মৃত সিআরপিএফ জওয়ানের দেহ। বৃহস্পতিবার রাতে তাঁর মরদেহ আনা হয় সিমলাপালের বাড়িতে। মৃত জওয়ানকে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে এলাকায়। কান্নায় ভেঙে পড়ে জওয়ানের পরিবার। গোটা এলাকায় শোকের ছায়া।

    মৃত জওয়ানের নাম শুভাশিস দে। বয়স ৩৩ বছর। তিনি বাঁকুড়ার সিমলাপাল বাজারের বাসিন্দা। সিআরপিএফ-এর ১৬৫ নম্বর ব্যাটেলিয়ানে কর্মরত ছিলেন। বর্তমানে পোস্টিং ছিল ছত্তিশগড়ের রায়পুরে। কয়েকদিন আগে আচমকাই অসুস্থ হয়ে পড়েন জওয়ান। জওয়ানকে জগদলপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। তবে শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার মৃত্যু হয় তাঁর। তিন ভাইয়ের মধ্যে শুভাশিস ছিলেন বড়। পরিবারে রেখে গেলেন স্ত্রী, এক কন্যাসন্তানকে।

    বৃহস্পতিবার রাতেই মরদেহ বাড়িতে পৌঁছাতেই তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন এলাকার অসংখ্য মানুষ। ওঠে ‘ভারত মাতা কি জয়’ ধ্বনি। রাতেই স্থানীয় শিলাবতী নদীর তীরে সিমলাপালের সতীঘাটে শুভাশিসের শেষকৃত্য সম্পন্ন হয়। শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন তালডাংরার প্রাক্তন বিধায়ক ফাল্গুনী সিংহ। নিথর দেহে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানান তালডাংরা বিধানসভার বিধায়ক সৌভিক পাত্র।
  • Link to this news (প্রতিদিন)