কলকাতা পুরসভায় চূড়ান্ত ‘নাটক’, অধিবেশন কক্ষে তালা, কাউন্সিলরদের নিয়ে ক্লাব রুমে বৈঠক ফিরহাদ, মালার!
প্রতিদিন | ২২ মে ২০২৬
নজিরবিহীন ঘটনা কলকাতা পুরসভায়। অধিবেশন কক্ষের দরজা তালাবন্ধ থাকল। ভিতরে ঢুকতেই পারলেন না কাউন্সিলররা! তৃণমূল সাংসদ তথা পুরসভার চেয়ারপার্সন মালা রায় কিছু সময় অপেক্ষা করেন। এরপর বাধ্য হয়েই তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে নিয়ে অধিবেশন কক্ষের বাইরে সভা বসল। মেয়র ফিরহাদ হাকিমও এদিন কলকাতা পুরসভায় উপস্থিত ছিলেন। তিনি বলেন, “পুরসভার কালো দিন। রাজ্য সরকারের কাছে আবেদন করছি সংঘাত নয়, সাধারণ বাসিন্দাদের জন্য একসঙ্গে কাজ করার।” তৃণমূল কাউন্সিলররা এদিন উপস্থিত থাকার জন্য তাঁদের ধন্যবাদ জানিয়েছেন ফিরহাদ।
রাজ্যে পালাবদলের পর থেকে কলকাতা পুরসভাতেও শুরু হয়েছে ডামাডোম। মেয়রের পদ থেকে কি ফিরহাদ হাকিম পদত্যাগ করবেন? সেই জল্পনা চলছে পুরসভা অন্দরে। আজ, শুক্রবার পুরসভার মাসিক অধিবেশন হওয়ার কথা ছিল। আগেই বাতিল হয়েছিল মেয়র পারিষদের বৈঠক। পুরসভার মাসিক অধিবেশনও স্থগিতাদেশের নির্দেশ দেওয়া হয়। এদিকে কলকাতা পুরসভার সচিব বদল করেছে রাজ্য সরকার। কলকাতা পুরসভা নিয়ে একের পর কড়া সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার। সচিব পদেও রদবদল হল। এতদিন কলকাতা পুরসভা সচিব ছিলেন স্বপনকুমার কুণ্ডু। তাঁকে ওএসডি (স্টেস্ট গ্যাজেটারস) পদে পাঠানো হয়েছে। তাঁর জায়গায় কলকাতা পুরসভার সচিব পদে নিয়ে আসা হয়েছে কিশোরকুমার বিশ্বাসকে।
এরই মধ্যে শুক্রবার দুপুরে কলকাতা পুরসভায় বৈঠকের জন্য হাজির হন তৃণমূল কাউন্সিলররা। পুরসভার চেয়ারপার্সন মালা রায়, মেয়র ফিরহাদ হাকিমরা উপস্থিত ছিলেন। কিন্তু পুরসভায় দেখা গেল চূড়ান্ত ‘নাটক’। দেখা গেল, কলকাতা পুরসভার অধিবেশন কক্ষ তালা বন্ধ। কাউন্সিলররা দাঁড়িয়ে থাকলেও সেই দরজা খোলা হয়নি! মালা রায় নিজে একাধিকবার অধিবেশন কক্ষের দরজা খুলে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। শেষপর্যন্ত বাধ্য হয়ে পুরসভার ক্লাব রুমে কাউন্সিলররা বৈঠক করলেন।
সেখানেই মালা রায়, ফিরহাদ হামিক, অন্যান্য কাউন্সিলররা তাঁদের বক্তব্য রাখেন। পুরসভায় তৃণমূলের ১৩৭ জন কাউন্সিলর রয়েছেন। এদিন তাঁদের মধ্যে ৯০ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। অভিযোগ, এদিন ক্লাব রুমের বৈঠকে কোনও মাইকেরও ব্যবস্থা করা হয়নি। খালি গলাতেই তাঁরা বক্তব্য রাখেন। এদিন মালা রায় বলেন, “তালা খুলে দেওয়ার কথা বলেছিলাম। কিন্তু তালা খোলা হয়নি। তাই ক্লাব রুমে অধিবেশন করার সিদ্ধান্ত নিয়েছি।” রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বহু পুরসভাতেই তৃণমূলের কাউন্সিলররা পদ থেকে ইস্তফা দিচ্ছেন। কলকাতা পুরসভাতেও কি একই ঘটনা ঘটতে পারে? সেই চর্চাও শুরু হয়েছে।