• গণইস্তফার ধাক্কা! ভাটপাড়া পুরসভায় ৩৫ জন তৃণমূল কাউন্সিলরের মধ্যে ৩০ জনের একযোগে পদত্যাগ
    News18 বাংলা | ২২ মে ২০২৬
  • ভাটপাড়া পুরসভায় তৈরি হল বড়সড় রাজনৈতিক অস্থিরতা। পৌরসভার মোট ৩৫ জন কাউন্সিলরের মধ্যে ৩০ জন একযোগে পদত্যাগ করেছেন বলে জানা গিয়েছে। এর মধ্যে দু’জন কাউন্সিলর মৃত এবং তিনজন এখনও পদত্যাগ করেননি।

    পুরসভার চেয়ারম্যান রেবা রাহাও পদত্যাগ করেছেন বলে সূত্রের খবর। শুক্রবার ব্যারাকপুর প্রশাসনিক ভবনে গিয়ে কাউন্সিলররা তাঁদের পদত্যাগপত্র জমা দেন। এই ঘটনাকে কেন্দ্র করে  রাজনৈতিক মহলে তৈরি হয়েছে অস্থিরতা। সাংবাদিক সম্মেলন করে বিজেপি বিধায়ক অর্জুন সিং জানান, এই সংকটজনক পরিস্থিতিতেও যাতে নাগরিক পরিষেবা ব্যাহত না হয়, সেই কারণে সরকারি আধিকারিকরা কাজ চালিয়ে যাবেন। পাশাপাশি তিনি বলেন, বিধায়ক পবন সিং এবং ডক্টর রাজেশ কুমার দায়িত্ব নিয়ে এলাকার মানুষের পরিষেবা স্বাভাবিক রাখার বিষয়টি দেখবেন।

    অন্যদিকে, ভাটপাড়া পুরসভার প্রাক্তন উপ-পুরপ্রধান দেবজ্যোতি ঘোষ বলেন, ‘৩৫ জন কাউন্সিলরের মধ্যে দু’জন মারা গিয়েছেন এবং ২৯ জন কাউন্সিলর ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। এই গণপদত্যাগের ঘটনায় ভাটপাড়া পৌরসভার প্রশাসনিক ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। আগামী দিনে পৌরসভার বোর্ড ভেঙে প্রশাসক বসানো হবে নাকি নতুন করে নির্বাচন হবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। রাজ্যে রাজনৈতিক বালাবদলের পর বহু পৌরসভায় অনাস্থা প্রস্তাব আনার ছবি উঠে এসেছিল। এবার সেই তালিকায় যুক্ত হল ভাটপাড়া পৌরসভার নামও।’

    এদিন রীতিমতো সাংবাদিক সম্মেলন করে বিধায়ক অর্জুন সিং-সহ অন্যান্য বিধায়করা পৌরসভার এই অচল অবস্থা কাটাতে ও পৌর পরিষেবা বজায় রাখতে বিশেষ ভূমিকা গ্রহণ করলেন বলেই মনে করা হচ্ছে। ঘটনায় জেলার রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুরসভার রাজনৈতিক ক্ষমতার সমীকরণ থেকে প্রশাসনিক কাজকর্ম – সব কিছু নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা। একইসঙ্গে শুক্রবার গারুলিয়া পুরসভাতেও একাধিক কাউন্সিলরের পদত্যাগের সম্ভাবনা ঘিরে জল্পনা তীব্র হয়েছে।
  • Link to this news (News18 বাংলা)