কারা হবেন মন্ত্রী? ২৭ মের আশপাশে বাংলার মন্ত্রিসভা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা
News18 বাংলা | ২২ মে ২০২৬
আগামী ২৭ মের আশেপাশে বাংলার মন্ত্রিসভা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। গত বৃহস্পতিবার অমিত শাহের সঙ্গে শুভেন্দু অধিকারীর বৈঠকে সেই মন্ত্রিসভার বিন্যাস নিয়েই আলোচনা হয়েছে বলে খবর। বাংলার মন্ত্রিসভার সম্প্রসারণ শুধুমাত্র প্রশাসনিক বিষয় নয়, বরং বাংলায় বিজেপির আগামী দিনের বড় রাজনৈতিক কৌশলের ইঙ্গিত হতে চলেছে।
ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এখন বাংলায় সরকার ও সংগঠনের মধ্যে আরও শক্তিশালী সমন্বয় গড়ে তুলতে চাইছে। আর সেই কারণেই মন্ত্রিসভায় কাদের জায়গা দেওয়া হবে, কোন অঞ্চল বা গোষ্ঠীকে গুরুত্ব দেওয়া হবে, কোন মুখকে সামনে এনে রাজনৈতিক বার্তা দেওয়া হবে— তা নিয়ে অত্যন্ত সতর্ক হিসাব কষছে শীর্ষ নেতৃত্ব।
আরও পড়ুন : বাংলায় বদল, পুরসভায় ডামাডোল! বেনজির দৃশ্য কলকাতা পুরসভায়, অধিবেশন কক্ষে তালা
আরও পড়ুন : ‘বাবা-মা দু’জনেই আইএএস হলে সংরক্ষণ কেন?’, বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর মতামতকেও সমান গুরুত্ব দিচ্ছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। গতকালের বৈঠকে সে বিষয়েই বিজেপির “চাণক্য” শাহর সঙ্গে আলোচনা করেন শুভেন্দু বলে খবর।
তবে গতকাল রাতে অমিত শাহের সঙ্গে বৈঠকের পরে আজ, শুক্রবার বিজেপির সদর দফতরে গিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন এবং বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন), রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করেন শুভেন্দু।
ক্যাবিনেট সম্প্রসারণ নিয়ে কথা হলেও ঠিক কী কথা হয়েছে সেটা অবশ্য বলতে চাননি তিনি।
গত ৯ মে ব্রিগেডের ময়দানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশাপাশি শপথ নিয়েছিলেন বঙ্গের প্রথম মন্ত্রিসভার ৫ মন্ত্রী৷ পরে তাঁদের দফতর বণ্টন করা হয়৷ পঞ্চায়েত দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে। পঞ্চায়েতের সঙ্গে প্রাণী সম্পদ, কৃষি বিপণন দফতরের দায়িত্বও সামলাবেন তিনি। নারী ও শিশু কল্যাণ দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে অগ্নিমিত্রা পালকে। এর সঙ্গে সঙ্গে পুর ও নগরোন্নয়নের দায়িত্বও দেওয়া হয়েছে তাঁকে। খাদ্য দফতরের দায়িত্বে এলেন অশোক কীর্তনিয়া। অর্থাৎ, প্রথম বিজেপি সরকারের প্রথম খাদ্যমন্ত্রী তিনি। উত্তরবঙ্গ উন্নয়নের সঙ্গে ক্রীড়া দফতরের দায়িত্বে নিশীথ প্রামাণিক। আদিবাসী উন্নয়ন দফতরের দায়িত্বে ক্ষুদিরাম টুডু। তাঁদের নিয়েই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর নতুন সরকারের মন্ত্রিসভার বৈঠক করেছেন৷ নেওয়া হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত৷