হাঁসফাঁস করা গরমে রইল শান্তির খোঁজ, সস্তায় চলে যান বীরভূমের 'এই' গোপন ঠিকানায়
News18 বাংলা | ২২ মে ২০২৬
গরমের ছুটিতে অথবা সপ্তাহান্তে বীরভূম ভ্রমণের জন্য আসার চিন্তাভাবনা করছেন। তবে আপনি হাজার চেষ্টা করে খুঁজে পাচ্ছেন না বীরভূমের ঠিক কোন জায়গায় ঘুরতে যাবেন। কারণ হয়ত আপনার বীরভূমের সব জায়গায় ঘুরে দেখা হয়ে গিয়েছে। তাহলে চলুন আজকে আপনাকে ঠিকানা দেব এমন একটি জায়গার, যেখানে গেলে আপনি যেমন মন ভরে ভগবানের দর্শন করতে পারবেন, ঠিক তেমনি চারিধারে গাছ গাছালির মাঝে নিজেরাই রান্না করে সেরে নিতে পারবেন দুপুরের খাওয়া দাওয়া। এই তীব্র গরমে আপনার জন্য সেরা ভ্রমণ ডেস্টিনেশন হতে পারে এই জায়গাটি।
বর্তমান সময় দাঁড়িয়ে লম্বা ছুটির অবকাশ প্রায় নেই বললেই চলে। তাই সাধারণ মানুষ এখন বেশি পছন্দ করছেন কাছে পিঠে কোনও অফবিট ভ্রমণ বেছে নিতে। তাই কলকাতার কাছাকাছি অফবিট জঙ্গলের অ্যাডভেঞ্জার নিতে চাইলে সঠিক গন্তব্য হতে পারে গনপুর ফরেস্ট। এখানেই গভীর জঙ্গলের মধ্যেই রয়েছে প্রায় ৫০০ বছরের পুরনো একটি শিব মন্দির। আর এই মন্দিরের আশেপাশে ঘন জঙ্গল, পাতার খসখস শব্দ, আর চেনা অচেনা পাখিদের কলতানে গোটা জায়গাটি যেন আরও রহস্যময় ও রোমাঞ্চকর হয়ে ওঠে।
কলকাতা শহরের কোলাহল, নিত্যদিনের চাপ, ঘিঞ্জি পরিবেশের থেকে অনেকটাই আলাদা এই জঙ্গল। ইট-কাঠ পাথরের একেবারে বিপরীতে দাঁড়িয়ে এখানে কেবল সবুজের সমারোহ সঙ্গে রয়েছে পাখিদের কোলাহল। গ্রামের বাসিন্দাদের দেখতে পাবেন এই তপ্ত দুপুরে মাঠ থেকে গরু ছাগল নিয়ে আসতে অথবা মাথায় করে শুকনো কাঠ নিয়ে আসতে। কলকাতা থেকে দূরত্ব খুব বেশি নয়। বীরভূম জেলার মল্লারপুরের কাছে রয়েছে এই গভীর জঙ্গল। রামপুরহাট থেকে সিউড়ি যাওয়ার পথে পড়ে এই জায়গাটি।
জানা যায়, ইলামবাজারের জঙ্গলের থেকেও নাকি গভীর এই গণপুরের জঙ্গল। পুরো জঙ্গলটি জুড়ে ছড়িয়ে রয়েছে শাল গাছ। আর তার মধ্যেই রয়েছে কয়েকশো বছরের পুরনো পোড়া মাটির তৈরি শিব মন্দির। এবার প্রশ্ন আপনি এখানে পৌঁছাবেন কেমন করে? কলকাতা, হাওড়া স্টেশন থেকে আপনি সোজা পৌঁছতে পারেন রামপুরহাট রেল স্টেশন। সেখান থেকে যে কোনও গাড়ি ভাড়া করে আপনাকে পৌঁছাতে হবে এই জঙ্গলে। এখানে জঙ্গল সাফারির কোনও ব্যবস্থা নেই, তাই আপনাকে নিজের গাড়িতে করেই পৌঁছাতে হবে এই শিব মন্দিরে। এখানে রাত্রি বস করার তেমন কোনও জায়গা নেই। তাই আপনাকে বেছে নিতে হবে তারাপীঠ অথবা বোলপুরকে। তাহলে আর দেরি না করে আজই ঘুরতে যাওয়ার প্ল্যান করে ফেলুন।