এখন কারবার 'জমে ক্ষীর', মিলছে দ্বিগুণ দাম! নতুন হাওয়ায় কপাল ফিরল ব্যবসায়ীদের
News18 বাংলা | ২২ মে ২০২৬
নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের মাজদিয়া বাজারে এখন উৎসবের আমেজ। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভের পর রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসতেই বদলে গিয়েছে বাজারের চিত্র। একদিকে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পাচ্ছেন, অন্যদিকে বাইরের রাজ্য থেকে আসা ব্যবসায়ীরাও নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারছেন।
কৃষ্ণগঞ্জ ব্লক দীর্ঘদিন ধরেই একটি কৃষিপ্রধান অঞ্চল হিসেবে পরিচিত। এই ব্লক-সহ আশপাশের বিভিন্ন ব্লক থেকে প্রচুর পরিমাণে ফল ও সবজি এসে জমা হয় মাজদিয়া বাজারে। দিল্লি, উত্তরপ্রদেশ, নেপাল-সহ ভারতের বিভিন্ন রাজ্যের ব্যবসায়ীরা এখানে আসেন পণ্য সংগ্রহ করতে। সারা দেশেই মাজদিয়া বাজারের সুনাম রয়েছে।
সরকার পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব পড়েছে কৃষিপণ্যের দামে। কৃষক জয়দেব ঘোষ জানান, আগে যে এঁচোড় তিন থেকে চার টাকা কেজি দরে বিক্রি হত, এখন সেটাই বিকোচ্ছে আট থেকে দশ টাকায়। আরেক কৃষক রূপ কুমার ঘোষ জানান, নতুন সরকার আসার আগে পটল বিক্রি হত দশ থেকে ১২ টাকা কেজিতে, আম ১৫ টাকায়। কিন্তু এখন পটলের দাম বেড়ে হয়েছে ২০ থেকে ২২ টাকা, এঁচোড় সাত থেকে ১০ টাকা। কৃষকদের মুখে তাই এখন স্বস্তির হাসি।
ব্যবসায়ীরাও জানাচ্ছেন, পরিস্থিতি আগের চেয়ে অনেকটাই অনুকূল হয়েছে। ব্যবসায়ী সন্তু বিশ্বাস বলেন, রাস্তায় পুলিশের হয়রানি না থাকায় তাঁরা এখন অনেক বেশি পরিমাণে পণ্য বিভিন্ন রাজ্যে নিয়ে যেতে পারছেন। বাধাহীন পরিবহণের সুবাদে পণ্যের চাহিদা বাড়ছে, যার সরাসরি সুফল পাচ্ছেন স্থানীয় চাষিরাও।সবমিলিয়ে, সরকার বদলের হাওয়া মাজদিয়ার কৃষি ও ব্যবসায়িক ক্ষেত্রে নতুন আশার আলো জ্বালিয়েছে। চাষি ও ব্যবসায়ী, উভয় পক্ষই এখন আশাবাদী যে এই ইতিবাচক ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।