• রাজ্যের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা কবে গঠন হবে, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক শুভেন্দুর! কী জানা গেল?
    News18 বাংলা | ২২ মে ২০২৬
  • রাজ‍্যের পুর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন হবে দ্রুত, তবে এখনই তার তারিখ চূড়ান্ত করলেন না মুখ‍্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল রাতে, অর্থাৎ বৃহস্পতিবার অমিত শাহের সঙ্গে বৈঠকের পর আজ বিজেপির সদর দফতরে গিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন এবং বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন), রাজ‍্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করেন শুভেন্দু। ক‍্যাবিনেট সম্প্রসারণ নিয়ে কথা হলেও ঠিক কী কথা হয়েছে সেটা অবশ‍্য বলতে চাননি তিনি।

    দিল্লিতে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার ১০টা নাগাদ রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপর রাষ্ট্রপতির সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। দেখা করার কথা উপরাষ্ট্রপতি, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের সঙ্গেও। দুপুরে সাংবাদিক সম্মেলন করার কথা মুখ্যমন্ত্রীর।

    গতকাল রাতে দিল্লিতে পৌঁছনোর পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী৷ গত বুধবারই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফ-কে প্রথম দফার জমি হস্তান্তর করেছে রাজ্য সরকার৷ জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলির নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে চায় কেন্দ্রীয় সরকারও৷ রাজ্যে পরিবর্তনের পর সেই কাজই তরান্বিত হবে বলে মত রাজনৈতিক মহলের৷ ফলে প্রতিরক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর বৈঠকে রাজ্যের সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা নিয়েই আলোচনা হবে বলে মনে করা হচ্ছে৷

    প্রসঙ্গত, ৯ মে শপথ নেন রাজ্যের নয়া মন্ত্রিসভার ৬ মন্ত্রী। যার মধ্যে ছিলেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক। তবে পূর্ণ মন্ত্রিসভা এখনও গঠন হয়নি। সেই নিয়ে চর্চা রয়েছে মানুষের মধ্যে, কারা কারা সেই মন্ত্রিসভায় সুযোগ পান সেটাই দেখার।
  • Link to this news (News18 বাংলা)