• দালালরাজ বন্ধ করতে কড়া 'ডোজ' বিধায়কের, বেচাল হলে যেতে হবে শ্রীঘরে
    News18 বাংলা | ২২ মে ২০২৬
  • হাবড়া হাসপাতালে দালালচক্র ও রোগীদের সঙ্গে দুর্ব্যবহার নিয়ে এবার কড়া হুঁশিয়ারি হাবড়ার নবনির্বাচিত বিধায়ক দেবদাস মণ্ডলের। হাবড়া হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি স্পষ্ট ভাষায় জানিয়েদেন , হাসপাতালে কোনওভাবেই দালালরাজ চলতে দেওয়া হবে না। এই ধরনের অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে বিশেষ জোর দেওয়া হয়েছে।

    বিভিন্ন জেলার হাসপাতালগুলিতে স্থানীয় বিধায়কদের পরিদর্শন এবং পরিস্থিতি খতিয়ে দেখার উদ্যোগও শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় এদিন হাবড়া হাসপাতালে যান বিধায়ক দেবদাস মণ্ডল। যদিও হাসপাতালের সুপারের নিকট আত্মীয়ের মৃত্যু হওয়ায় তাঁর সঙ্গে বিধায়কের দেখা হয়নি। হাসপাতাল পরিদর্শনের সময় কর্তব্যরত চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন বিধায়ক। তিনি স্পষ্ট জানান, রোগীদের সঙ্গে কোনওরকম দুর্ব্যবহার বরদাস্ত করা হবে না। পাশাপাশি হাসপাতালে সক্রিয় দালালচক্র অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেন তিনি।

    কড়া ভাষায় তিনি বলেন, হাসপাতালে দালালরাজ বন্ধ করতে হবে। তা না হলে সোজা শ্রীঘরে যেতে হবে। এছাড়াও হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের জন্য কী কী প্রয়োজন, তা লিখিতভাবে জানাতে হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করেন বিধায়ক। তিনি আশ্বাস দেন, রাজ্য সরকারের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যাগুলির সমাধানের চেষ্টা করা হবে। প্রসঙ্গত অতীতে হাবরা হাসপাতালের পরিষেবা থেকে দালাল রাজ বারংবার খবরের শিরোনামে উঠে এসেছিল।

    রোগীদের পরিষেবার ক্ষেত্রেও ওঠে নানা অভিযোগ। ফলে এবার নির্বাচিত বিধায়ক দেবদাস মন্ডল রোগীদের জন্য চিকিৎসা পরিষেবা আরও সহজ ও উন্নত করতে এদিন পরিদর্শনের পাশাপাশি একাধিক পদক্ষেপ গ্রহণের পরিকল্পনার কথাও জানান। বিধায়কের এই দিনের পরিদর্শনের পর চিকিৎসক মহল থেকে রোগী পরিজনেরা অনেকেই মনে করছেন বদলাতে পারে হাসপাতালের বর্তমান পরিস্থিতি। সেক্ষেত্রে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা মিলবে কিনা এখন সেদিকেই নজর হাবড়াবাসীর।
  • Link to this news (News18 বাংলা)