• শাশুড়ির শেষকৃত্যের কাজে গ্রামে আসতেই বিপত্তি, মর্মান্তিক দুর্ঘটনা জামাইয়ের, মিলল দেহাংশ
    এই সময় | ২২ মে ২০২৬
  • চোখের সামনে মর্মান্তিক ভাবে মৃত্যু হলো বাড়ির জামাইয়ের। উত্তরপ্রদেশ-এর গোন্ডা জেলায় শাশুড়ির শেষকৃত্যে এসে কুমিরের হামলায় প্রাণ গেল গ্রেটার নয়ডার এক যুবকের। মৃতের নাম দীপক শর্মা (৩০)। তিনি তাঁর শাশুড়ির শেষকৃত্যে যোগ দিতে পরিবারের সঙ্গে উত্তরপ্রদেশের ওই গ্রামে গিয়েছিলেন। সেখানেই সরযূ নদীতে স্নান করতে নেমে কুমিরের খপ্পরে পড়েন তিনি। গত বুধবার ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা। দু’দিন লাগাতার তল্লাশির পরে শুক্রবার উদ্ধার হয়েছে দীপকের দেহাংশ।

    জানা গিয়েছে, দীপকের শাশুড়ি উর্মিলা ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। তাঁর শেষকৃত্যের জন্য দীপক, স্ত্রী ও সন্তানকে নিয়ে গোন্ডার উমরি গ্রামে যান। বুধবার দুপুরে সরযূ নদীর তীরে দাহক্রিয়া চলাকালীন দীপক চিতা তৈরির কাজেও সাহায্য করেছিলেন। পরে শরীরে লেগে থাকা মাটি ও ছাই পরিষ্কার করতে নদীতে নামেন।

    স্থানীয়দের দাবি, নদীতে নামার আগে দীপককে একাধিকবার সতর্ক করা হয়েছিল। কারণ ওই এলাকায় কুমিরের উপদ্রবের কথা আগে থেকেই শোনা যাচ্ছিল। কিন্তু সতর্কবার্তা উপেক্ষা করেই তিনি জলে নেমেছিলেন। আচমকাই নদীর ভিতর থেকে একটি বড় কুমির উঠে এসে তাঁকে আক্রমণ করে এবং টেনে গভীর জলে নিয়ে যায়। ঘটনাটি এত দ্রুত ঘটে যে পাশে থাকা লোকজন কিছু বুঝে ওঠার আগেই দীপক নদীর জলে তলিয়ে যান।

    ঘটনার পরে নদীর ধারে চিৎকার-চেঁচামেচি শুরু হয়ে যায়। স্থানীয় বাসিন্দা, নৌকাচালক এবং পরে পুলিশ ও উদ্ধারকারী দল তল্লাশি শুরু করে। SDRF এবং ডুবুরিরা দীর্ঘক্ষণ অনুসন্ধান চালায়। প্রথমে দীপকের কোনও খোঁজ পাওয়া যায়নি। পরে প্রায় দু’দিনের তল্লাশির পরে তাঁর দেহাংশ এ দিন উদ্ধার করা হয় বলে জানা গিয়েছে।

    এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, সরযূ নদীর একাধিক ঘাটে কুমিরের উপস্থিতির খবর আগেও প্রশাসনকে জানানো হয়েছিল, কিন্তু পর্যাপ্ত সতর্কীকরণ বা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি। এই ঘটনার পরে নদীতে নামা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

  • Link to this news (এই সময়)