• হাওড়া স্টেশনের বাইরে তৃণমূলকে সভার অনুমতি দিল না পুলিশ, ক্ষুব্ধ প্রাক্তন মন্ত্রী
    এই সময় | ২২ মে ২০২৬
  • হকার উচ্ছেদের প্রতিবাদে হাওড়া স্টেশনের বাইরে তৃণমূলকে সভা করার অনুমতি দিল না পুলিশ। এমনটাই অভিযোগ রাজ্যের পূর্বতন শাসকদলের। তাদের আরও অভিযোগ, মঞ্চ বাঁধা হলেও পরে তা সরিয়ে দেওয়া হয়। এ ব্যাপারে হাওড়া সদরের ডিসিপি (নর্থ) বিশ্বচাঁদ ঠাকুরের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তিনি বলেন, ‘আমাকে খোঁজ নিয়ে দেখতে হবে।’

    গত শনিবার রাতে হাওড়া স্টেশনের বাইরে বেআইনি দখলদারি উচ্ছেদ করে আরপিএফ। অভিযোগ, ১৫০টির বেশি দোকান বুলডোজ়ার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এর প্রতিবাদে বৃহস্পতিবার হাওড়া ও শিয়ালদহ স্টেশনের বাইরে প্রতিবাদ সভার ডাক দিয়েছিল তৃণমূল। সেই মতো শিয়ালদহ স্টেশনে সভাও করে তারা। কিন্তু সভা হলো না হাওড়া স্টেশনের বাইরে। সরকারি সূত্রে খবর, হাওড়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠক থাকার কারণেই তৃণমূলকে সভার অনুমতি দেওয়া হয়নি।

    বৃহস্পতিবার সভা না হওয়ায় শুক্রবার সভা করতে চেয়ে পুলিশ কমিশনারের কাছে আবেদন করেছিল তৃণমূল। সেই মতো বিকেল ৪টে নাগাদ মধ্য হাওড়ার বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায় এবং তৃণমূল কর্মীরা হাওড়া স্টেশনের বাইরে জড়ো হন। তার পরেও তাঁদের সভা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ।

    হাওড়া সদরের তৃণমূল চেয়ারম্যান অরূপ বলেন, ‘পুলিশের কাছে অনুমতি চাইলেও আমরা অনুমতি পাইনি। হাওড়া স্টেশনের বাইরে হকারদের দোকানগুলো ভেঙে ফেলা হয়। যা অত্যন্ত অমানবিক। আজ প্রতিবাদ মঞ্চ তৈরি করা হলেও পুলিশ তা সরিয়ে দিয়েছে। পুনর্বাসন ছাড়া হকারদের সরানো যাবে না। এ ব্যাপারে আমরা আন্দোলন চালিয়ে যাব।’

  • Link to this news (এই সময়)