• রবিবার ব্লু ও গ্রিন লাইনে মিলবে অতিরিক্ত পরিষেবা, প্রথম মেট্রোর সময় বদল
    এই সময় | ২২ মে ২০২৬
  • UPSC সিভিল সার্ভিসেস (প্রিলিমিনারি) পরীক্ষা, ২০২৬-এর জন্য ব্লু লাইন ও গ্রিন লাইনে অতিরিক্ত মেট্রো পরিষেবার ঘোষণা করা হয়েছে। পরীক্ষার্থী, অভিভাবক এবং অন্যান্য যাত্রীদের ভোরের দিকে যাতায়াতের সুবিধার্থে এই দুই শাখায় অতিরিক্ত মেট্রো পরিষেবা চালানো হবে। প্রান্তিক স্টেশনগুলি থেকে শেষ মেট্রো ছাড়ার সময়সূচি অপরিবর্তিত থাকবে।

    ২৪ মে (রবিবার) ব্লু লাইনে রবিবারের প্রচলিত ১৫২টি পরিষেবার পরিবর্তে মোট ১৬০টি পরিষেবা (৮০টি আপ এবং ৮০টি ডাউন) চালানো হবে।

    সকাল ০৭:০০টা থেকে ০৯:০০টার মধ্যে আপ এবং ডাউন—উভয় দিকেই ৩০ মিনিটের ব্যবধানে মেট্রো পরিষেবা চলবে। এরপর থেকে রবিবারের স্বাভাবিক সময়সূচি অনুসরণ করা হবে।

    সকাল ৭টায় দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম অভিমুখে (সকাল ৯টার পরিবর্তে)

    সকাল ৭টায় নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত (সকাল ৯টার পরিবর্তে)

    সকাল ৭টায় মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত (সকাল ৯টার পরিবর্তে)

    সকাল ৭টায় শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত (সকাল ৯টার পরিবর্তে)

    ২৪ মে গ্রিন লাইনে রবিবারের প্রচলিত ১০৮টি পরিষেবার পরিবর্তে মোট ১১৬টি পরিষেবা (৫৮টি আপ এবং ৫৮টি ডাউন) চালানো হবে। সকাল ৭টা থেকে ৯টার মধ্যে উভয় দিকেই ৩০ মিনিটের ব্যবধানে মেট্রো পরিষেবা চলাচল করবে। এরপর থেকে রবিবারের স্বাভাবিক সময়সূচি অনুসরণ করা হবে।

    সকাল ৭টায় হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর V পর্যন্ত (সকাল ৯টার পরিবর্তে)

    সকাল ৭:০২ মিনিটে সল্টলেক সেক্টর V থেকে হাওড়া ময়দান পর্যন্ত (সকাল ৯:০২-এর পরিবর্তে)

    ২৪ মে ব্লু লাইন এবং গ্রিন লাইন—উভয় করিডরেই শেষ মেট্রো পরিষেবার সময়সূচিতে কোনও পরিবর্তন হবে না। ইয়েলো লাইনে রবিবারের স্বাভাবিক পরিষেবাগুলি পাওয়া যাবে। পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে কোনও পরিষেবা পাওয়া যাবে না।

  • Link to this news (এই সময়)