আজকাল ওয়েবডেস্ক: মধু সংগ্রহ করতে গিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরলেন দক্ষিণ ২৪ পরগনার কুলতলির যুবক ছাদেক ঢালী! ঘটনাটি ঘটেছে কুলতলির মৈপিঠ কোস্টাল থানার নগেনাবাদ এলাকার।
মাত্র ২৪ বছরের যুবক ছাদেক ঢালী, সাতজন সঙ্গীকে নিয়ে কয়েকদিন আগে সুন্দরবনের বাতাকাঠী জঙ্গলে মধু সংগ্রহ করতে যান। সূত্রের খবর, প্রতিদিনের মতো দুপুরে নৌকায় খাওয়া-দাওয়া সেরে বিকেলের দিকে গভীর জঙ্গলে ঢোকেন তাঁরা। আর ঠিক তখনই আচমকা ঝাঁপিয়ে পড়ে রয়্যাল বেঙ্গল টাইগার!
বাঘের থাবা আর দাঁতের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন ছাদেক। চিৎকার শুনে ছুটে আসেন সঙ্গীরা। এরপর শুরু হয় বাঘের সঙ্গে জীবন বাজি রেখে লড়াই। দীর্ঘক্ষণ রক্ত হিম করা সংঘর্ষের পর অবশেষে বাঘের মুখ থেকে ছাদেককে ছিনিয়ে আনতে সক্ষম হন তাঁর সহকর্মীরা।কিন্তু ততক্ষণে গুরুতর জখম যুবক।
রক্তাক্ত অবস্থায় প্রথমে নৌকায় করে নদী পেরিয়ে নিয়ে আসা হয় কুলতলির গ্রামীণ হাসপাতালে। পরে অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তর করা হয় জেলা হাসপাতালে। পরিবার সূত্রে জানা গিয়েছে, ছাদেকই ছিলেন পরিবারের একমাত্র রোজগেরে সদস্য। বৃদ্ধ বাবা-মা, স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে এখন চরম অনিশ্চয়তায় পরিবার।
এদিকে মানবাধিকার সংগঠন এপিডিআর-এর পক্ষ থেকে বনদপ্তরের কাছে দ্রুত ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে। চলতি বছরে কুলতলিতে এই নিয়ে দ্বিতীয়বার মৌলে বাঘের আক্রমণের শিকার হলেন। সুন্দরবনে আবারও প্রশ্নের মুখে জঙ্গলে নিরাপত্তা! আর কত প্রাণ গেলে নড়বে প্রশাসনের? এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।