• সমস্যার সমাধান হবে, আশায় এনএইচএম কর্মীরা
    আজকাল | ২৩ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে পালাবদলের পর নতুন সরকারের দিকে তাকিয়ে এখন আশায় বুক বাঁধছেন জাতীয় স্বাস্থ্য মিশন বা এনএইচএম কর্মীরা। দীর্ঘ প্রায় দুই দশক ধরে স্বাস্থ্য পরিষেবার গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলালেও এখনও স্থায়িত্বকরণ, স্বাস্থ্য বীমা কিংবা অবসরকালীন আর্থিক সুরক্ষা থেকে বঞ্চিত রয়েছেন হাজার হাজার কর্মী। বারবার আগের সরকারের কাছে দরবার করলেও তাঁদের প্রতি কোনো 'সুবিচার' করা হয়নি বলে তাঁদের অভিযোগ। রাজ্যে সরকার বদলের পর নতুন করে আশার আলো দেখতে শুরু করেছেন এই এনএইচএম কর্মীরা।

    গত ২০০৬-০৭ সাল নাগাদ রাজ্যে এনএইচএম-এর যাত্রা শুরু হয়। তারপর থেকে ব্লক হাসপাতাল, জেলা হাসপাতাল, সদর হাসপাতাল থেকে স্বাস্থ্য ভবন সর্বত্র স্থায়ী কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছেন এই কর্মীরা। স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প ও পরিষেবার বড় অংশই নির্ভর করে তাঁদের উপর। মা ও শিশু সংক্রান্ত পরিষেবা, কৈশোর বয়সের মানসিক ও শারীরিক স্বাস্থ্য সংক্রান্ত কাজ, স্কুল ও হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা প্রদান, বিভিন্ন সরকারি নথিপত্র ও হিসাব সংরক্ষণ থেকে শুরু করে নির্দিষ্ট সময়ে তথ্য তুলে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়মিত পালন করে থাকেন তাঁরা। তাঁদের দাবি, সমান দায়িত্ব পালন করলেও এখনও সমকাজে সমবেতন মিলছে না। সূত্রের খবর, বর্তমানে রাজ্যে প্রায় ২০ হাজারেরও বেশি এনএইচএম কর্মী রয়েছেন। দীর্ঘ ২০ বছর ধরে পরিষেবা দিলেও তাঁদের ভবিষ্যৎ এখনও অনিশ্চয়তার মধ্যে। 

    শুধুমাত্র মাসিক বেতন পেলেও পিপিএফ, পেনশন বা অবসরকালীন কোনও আর্থিক সুবিধা পান না বলেই  আক্ষেপের সুর শোনা যায়। অনেক ক্ষেত্রেই সরকারি সাহায্য দীর্ঘদিন বকেয়া থেকে যায় বলেও কর্মীদের একাংশের দাবি। এনএইচএম কর্মীদের বক্তব্য, কেন্দ্রীয় সরকারের প্রকল্পের আওতায় কাজ করলেও তাঁরা এই রাজ্যেরই বাসিন্দা এবং প্রতিদিন রাজ্যের মানুষের স্বাস্থ্য পরিষেবার স্বার্থেই কাজ করে চলেছেন। বাম জমানার পরবর্তী তৃণমূল সরকার তাঁদের দীর্ঘদিন ধরে বঞ্চিত করে রেখেছিল বলেও আক্ষেপের সুর শোনা যায় তাঁদের গলায়। তাই নতুন সরকারের কাছে তাঁদের মূল আবেদন, স্থায়িত্বকরণ, সমবেতন, স্বাস্থ্য বীমা ও অবসরকালীন আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা হোক। 

    এবিষয়ে হুগলি সিঙ্গুরের চিকিৎসক বিধায়ক ডাঃ অরূপকুমার দাস বলেন, "এনএইচএম-এর বেশ কয়েকজন কর্মী তাঁদের সমস্যা নিয়ে দেখা করতে এসেছিলেন। এটুকু বলতে পারি তাঁদের সমস্যা নিয়ে চিন্তাভাবনা চলছে।"নতুন সরকারের তরফে এই বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন হাজার হাজার এনএইচএম কর্মী ও তাঁদের পরিবার।
  • Link to this news (আজকাল)