• ‘দুর্নীতির মৌচাকে ঢিল মেরেছি’, প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেও অডিটের নির্দেশ সমবায় মন্ত্রীর
    প্রতিদিন | ২৩ মে ২০২৬
  • সমবায় দুর্নীতি নিয়ে আগেই সরব হয়েছিলেন, এবার সমবায় দপ্তরের দুর্নীতি খুঁজতে সরাসরি অডিটের নির্দেশ দিলেন রাজ্যের মন্ত্রী অশোক কীর্তনীয়া। পাশাপাশি, পূর্বতন তৃণমূল সরকারের একাধিক রেশন ‘নীতি’ নিয়ে বড়সড় কড়া পদক্ষেপের কথাও বলেছেন তিনি। তাঁর অভিযোগ, সমবায় দপ্তরে গত ১৫ বছরে প্রচুর দুর্নীতি হয়েছে। কোথাও চাষিরা টাকা পাননি, কোথাও ব্যাঙ্কের ঋণ শোধ করা হয়নি। এরপর থেকে সমবায় গঠনের সময়ে কোনও জনপ্রতিনিধি তার মাথায় বসবেন না বলেও স্পষ্ট করে দিয়েছেন তিনি। জানান, সমবায় বোর্ডের সদস্যরাই বোর্ডের সভাপতি, সহ-সভাপতি নির্বাচন করবেন। সেইসঙ্গে তাঁর কটাক্ষ, “দুর্নীতির মস্ত বড় এক মৌচাকে সরাসরি ঢিল মেরেছি। যারা বছরের পর বছর ধরে কোটি কোটি টাকা অবৈধভাবে কামাই করেছে, তারা আমায় ছেড়ে কথা বলবে না। ফলে এখন যে কোনও মুহূর্তে আমার প্রাণহানির আশঙ্কা তো থাকছেই!”

    সম্প্রতি মন্ত্রী হওয়ার পর নিজের বিধানসভা বনগাঁ উত্তরে এসেছিলেন রাজ্যের নবনিযুক্ত খাদ্য ও সমবায় মন্ত্রী। তৃণমূলের আমলে সমবায়ে দুর্নীতির অভিযোগ তোলার পাশাপাশি খাদ্য দপ্তরের দুর্নীতি নিয়ে সুর চড়িয়েছিলেন। শুক্রবার কলকাতার নবমহাকরণে এক সাংবাদিক বৈঠকে রাজ্যের সমবায় ব্যাঙ্ক ও সমবায় দপ্তরগুলিতে ব্যাপক দুর্নীতির অভিযোগ তোলেন অশোক কীর্তনিয়া। এরপরই নির্দেশ দেন, সমস্ত সমবায় ব্যাঙ্কে নিয়মিত অডিট করতে হবে। তাঁর আরও অভিযোগ, অতীতে সমবায় ব্যাঙ্কগুলি থেকে শুধুমাত্র টাকা লুটপাটই করা হয়নি, বরং ব্যাঙ্কের সম্পত্তি জলের দরে বিক্রি করে দেওয়া হয়েছে। পাশাপাশি, সমবায়কে আগের সরকার যে গুরুত্ব দেয়নি সে কথাও তুলে ধরেন মন্ত্রী। তাঁর কথায়, “গত ১৫ বছর সমবায় দপ্তরকে গুরুত্ব দেওয়া হয়নি। আজ বিজেপির সরকার আমাকে দায়িত্ব দিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের সঙ্গে সমন্বয় রেখে কৃষকদের উন্নতি কেমন করে হবে সেটা দেখব।”

    এই বিষয়ে অশোক কীর্তনিয়ার স্পষ্ট বার্তা, “কেন্দ্রীয় ১৬টা প্রকল্প আছে সেগুলি এখানে আনব। একের পর এক কেন্দ্রীয় প্রকল্প নিয়ে আসা হবে বলেও আশ্বাস দেন তিনি। এখান থেকেই সরাসরি অফিসারদের হুঁশিয়ারি দেন তিনি। বলেন, “রাজ্যে তৈরি হওয়া নতুন ডবল ইঞ্জিন সরকার দুর্নীতির প্রশ্নে বিন্দুমাত্র কোনও আপস বা রেয়াত করবে না। যাঁরা টাকা লুট করেছেন তাঁরা টাকা ফেরত দিন। না হলে যে ব্যবস্থা নেওয়ার নেব। লং টার্ম লোন নিয়ে কোটি কোটি টাকা নষ্ট করেছে। সমবায় ব্যাঙ্কের টাকা লুট করা হয়েছে। সেসব ফেরত দিন।” আরও বলেন, “অফিসারদের বলেছি ১ কোটি থেকে শুরু করে যারা বেশি টাকা নিয়েছে অথচ এখনও দেয়নি তাদের লিস্ট করুন। অফিসার যারা দুর্নীতি করেছে তাদের লিস্টও করছি। সার কিনতে দুর্নীতি হয়েছে। অডিট হবে তার মাধ্যমে ঠিক করব কোন অফিসার জড়িত। কত টাকা সরকারকে দিতে হয়েছে। সেটা দেখে ফেরত নেব।”

    এছাড়া এদিনের বৈঠকে খাদ্য দপ্তরের একাধিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তা নিয়ে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া বলেন, “আগে যেভাবে লোন দেওয়া হয়েছে এখন থেকে সেটা হবে না। এখন ফিল্ড ভেরিফিকেশন করে তবেই লোন দেওয়া হবে। অফিসারদের দায়িত্ব দিচ্ছি। যদি দুর্নীতি হয় ওই অফিসারকে ধরব। টাকা দেওয়ার আগে ভাবতে হবে কীভাবে ফেরত নেব।”
  • Link to this news (প্রতিদিন)