প্রাক্তন মডেল ত্বিষা শর্মার রহস্যমৃত্যুর ঘটনায় অভূতপূর্ব পদক্ষেপ বার কাউন্সিল অফ ইন্ডিয়ার (BCI)। ওকালতি পেশার মর্যাদা ও জনমানসে আইনি ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে ত্বিষার স্বামী তথা আইনজীবী সমর্থ সিংয়ের লাইসেন্স অবিলম্বে স্থগিত করার নির্দেশ দিয়েছে বার কাউন্সিল। তবে এই নির্দেশ অন্তর্বর্তিকালীন অর্থাৎ, সাময়িক। নিরপেক্ষ তদন্তে সমর্থ সিং নির্দোষ প্রমাণিত হলে, ফের লাইসেন্স ফেরত পাবেন তিনি।
গত ১২ মে ভোপালের কাটারা হিলস এলাকায় শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হয় ৩৩ বছরের ত্বিষার মৃতদেহ। বিয়ের মাত্র পাঁচ মাসের মধ্যে ত্বিষার এই পরিণতি হওয়ার পরে, সমর্থ ও তাঁর মা, প্রাক্তন জেলা বিচারপতি গিরিবালা সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছে ত্বিষার পরিবার। তাঁদের অভিযোগ, যৌতুকের দাবিতে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে ত্বিষাকে। এ দিকে, ঘটনার পর থেকেই পলাতক ছিলেন সমর্থ সিং। শুক্রবার তিনি জবলপুর জেলা আদালতে আত্মসমর্পণ করেন। এর পরেই জবলপুর পুলিশ তাঁকে হেফাজতে নেয়।
ত্বিষার বাপের বাড়ির লোকজনের আরও অভিযোগ, সমর্থ একজন আইনজীবী এবং তাঁর মা একজন প্রাক্তন বিচারপতি হওয়ায়, তাঁরা তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করছেন। এমনকী, ভোপাল AIIMS-এ ত্বিষার দেহের যে ময়নাতদন্ত হয়েছে, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তাঁরা। এ দিনই মধ্যপ্রদেশ হাইকোর্ট দিল্লি AIIMS-এর বিশেষজ্ঞদের দিয়ে ত্বিষার দেহের দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে।
আইন বিশেষজ্ঞদের একাংশের মতে, আইনজীবী এবং প্রাক্তন বিচারপতিদের বিরুদ্ধে এই ধরনের গুরুতর ফৌজদারি অপরাধের অভিযোগে আইনি পেশার পবিত্রতা নষ্ট হয়েছে। সেই কারণেই বার কাউন্সিলের চেয়ারম্যান, মনন কুমার মিশ্র তড়িঘড়ি এই কড়া পদক্ষেপ করেছেন। এতে গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত নিয়ে প্রশ্নও বন্ধ হবে বলে আশা আইনজীবী মহলের।