• সর্ষের মধ্যেই ভূত, প্রশ্ন ফাঁস ফিজিক্সেরও! NEET-UG কাণ্ডে CBI-এর জালে খোদ NTA-র ‘বিশেষজ্ঞ’
    এই সময় | ২৩ মে ২০২৬
  • ২০২৬ সালের নিট-ইউজি (NEET-UG) প্রশ্ন ফাঁস কাণ্ড নিয়ে শোরগোল পড়ে গিয়েছে দেশজুড়ে। শুক্রবার (২২ মে) এই কেলেঙ্কারির তদন্তে আরও এক বড় সাফল্য পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা CBI। মহারাষ্ট্রের পুনে থেকে মণীষা সঞ্জয় হাভালদার নামে এক মহিলাকে এ দিন গ্রেপ্তার করেছে CBI। তিনি পুনের ‘শেঠ হীরালাল সরাফ প্রশালা’র কর্মী বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় সংস্থার দাবি, মে মাসে অনুষ্ঠিত এই সর্বভারতীয় পরীক্ষার ফিজিক্স বা পদার্থবিদ্যার প্রশ্ন ফাঁসের মূল উৎস ছিলেন এই মণীষা। অর্থাৎ, কেমিস্ট্রি ও বায়োলজির পাশাপাশি ফিজিক্সের প্রশ্নপত্রও ফাঁস হয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবারই ফিজিক্সেরও প্রশ্ন ফাঁস হয়ে থাকতে পারে সন্দেহে এই বিষয়ে CBI-কে তদন্তের নির্দেশ দিয়েছিল শিক্ষা মন্ত্রক।

    CBI-এর মুখপাত্রের বিবৃতি অনুযায়ী, ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ, NTA-ই মণীষা হাভালদারকে এই নিট পরীক্ষায় একজন এক্সপার্ট বা বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত করেছিল। সেই সূত্রে ফিজিক্সের প্রশ্নপত্র এসেছিল তাঁর হাতে। অভিযোগ, গত এপ্রিল মাসেই তিনি এই প্রশ্নপত্রের বেশ কিছু অংশ মণীষা মান্ধারে নামে এই ঘটনায় আর এক অভিযুক্তকে দিয়েছিলেন। তদন্তকারীরা মিলিয়ে দেখেছেন, হাভালদারের যে প্রশ্নগুলি ফাঁস করেছিলেন, তার সঙ্গে মূল পরীক্ষার ফিজিক্সের প্রশ্নপত্রের হুবহু মিল রয়েছে। অর্থাৎ, আরও একবার দেখা যাচ্ছে এই প্রশ্নফাঁস কাণ্ডের পিছনে পরীক্ষক বা বিশেষজ্ঞদেরই অনৈতিক যোগসাজশ রয়েছে।

    কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের উচ্চশিক্ষা বিভাগের লিখিত অভিযোগের ভিত্তিতে গত ১২ মে এই মামলার তদন্তভার নেয় CBI। এই বিষয়ে একটি FIR দায়ের করা হয়। এর আগে বায়োলজির প্রশ্ন ফাঁসের অভিযোগে বটানির শিক্ষিকা মণীষা গুরুনাথ মান্ধারে এবং কেমিস্ট্রির প্রশ্ন ফাঁসের অভিযোগে পি ভি কুলকার্নিকে এই পুনে থেকেই গ্রেপ্তার করেছিল CBI। শুক্রবারের গ্রেপ্তারির পরে এই মামলায় এখনও পর্যন্ত মোট ধৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১। দিল্লি, জয়পুর, গুরুগ্রাম, নাসিক ও লাতুর-সহ দেশের বিভিন্ন প্রান্তে তল্লাশি চালিয়ে বেশ কিছু ল্যাপটপ, মোবাইল ও ব্যাঙ্কের নথি বাজেয়াপ্ত করেছে CBI।

  • Link to this news (এই সময়)