রাজ্যে পালাবদলের পর থেকে বাংলার নানা প্রান্তে বিভিন্ন স্তরে তৃণমূল নেতাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠছে। বহু জায়গায় গ্রেপ্তারও হয়েছে। এরই মধ্যে বিধাননগর পুরনিগমের ৪ জন কাউন্সিলার গ্রেপ্তার হয়েছেন পুলিশের হাতে। এর আগে বিধাননগরের ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার রঞ্জন পোদ্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে তোলাবাজি ও সিন্ডিকেট চালানোর অভিযোগ উঠেছে। এছাড়াও, ওই পুরনিগমের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুশোভন মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ৯ নম্বর ওয়ার্ডের সমরেশ চক্রবর্তীকে।
অন্যদিকে দক্ষিণ দমদম পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার পার্থ ভার্মা ওরফে টিঙ্কুকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের পরে ভোট পরবর্তী হিংসার একটি ঘটনায় তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল।