• বাংলায় ফের চালু আবাস যোজনা ও ১০০ দিনের কাজ
    দৈনিক স্টেটসম্যান | ২৩ মে ২০২৬
  • দীর্ঘদিনের কেন্দ্র-রাজ্য সংঘাত এবং রাজনৈতিক টানাপোড়েনের জেরে থমকে থাকা একাধিক কেন্দ্রীয় প্রকল্পে অবশেষে গতি ফিরতে চলেছে পশ্চিমবঙ্গে। রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর ‘ডাবল ইঞ্জিন’ সরকারের সমন্বয়ে ফের চালু হতে চলেছে প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং ১০০ দিনের কাজ প্রকল্প। প্রশাসনিক সূত্রে খবর, খুব শীঘ্রই রাজ্যজুড়ে শুরু হবে উপভোক্তা চিহ্নিতকরণের সমীক্ষা।

    রাজ্যের পঞ্চায়েত দপ্তর ইতিমধ্যেই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের কাছে আবাস যোজনা পুনরায় চালুর আবেদন জানিয়েছে। জানা গিয়েছে, কেন্দ্র আগের বেশ কিছু কঠোর শর্ত শিথিল করেছে। নতুন নিয়ম অনুযায়ী, আগে কোনও পরিবারের মাসিক আয় ১০ হাজার টাকার বেশি হলে তারা আবাস যোজনার সুবিধা পেত না। এখন সেই সীমা বাড়িয়ে ১৫ হাজার টাকা করা হয়েছে। পাশাপাশি ফ্রিজ, মোটরবাইক, ল্যান্ডলাইন ফোন বা মোটরচালিত নৌকা থাকলেও আর প্রকল্পের বাইরে রাখা হবে না উপভোক্তাদের। ফলে আরও বেশি সংখ্যক গ্রামীণ পরিবার এবার সরকারি আবাসনের সুবিধা পেতে পারেন।

    পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন, আবাস যোজনা এবং ১০০ দিনের কাজ— দুই প্রকল্পই দ্রুত মানুষের কাছে পৌঁছে দিতে প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। দীর্ঘদিন প্রকল্প বন্ধ থাকায় নতুন পার্মানেন্ট ওয়েটিং লিস্ট তৈরি করা সম্ভব হয়নি। তাই নতুন করে সমীক্ষা চালিয়ে প্রকৃত উপভোক্তাদের তালিকা তৈরি করা হবে।

    এদিকে বহু প্রতীক্ষিত ১০০ দিনের কাজ প্রকল্পও ফের চালুর পথে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গে মনরেগা চালুর পক্ষে নির্দেশ দিয়েছিল। নতুন সরকার কেন্দ্রের শর্ত মেনে দ্রুত প্রকল্প চালুর প্রস্তুতি শুরু করেছে বলে সূত্রের খবর। আগামী জুন মাস থেকেই বাংলায় ফের পুরোদমে শুরু হতে পারে ১০০ দিনের কাজ। প্রশাসনের মতে, আবাস যোজনা ও মনরেগা একসঙ্গে চালু হলে গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি ফিরবে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)