আধারের সঙ্গে মোবাইল নম্বর লিংক, পোস্ট অফিসে ভোর থেকে লাইন
বর্তমান | ২৩ মে ২০২৬
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, ময়নাগুড়ি: আধারের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্তি করতে পোস্ট অফিসে উপচে পড়ছে বাসিন্দাদের ভিড়। শুক্রবার ভোর ৬টা থেকে শিলিগুড়ি পোস্ট অফিস চত্বরে লাইন দেন বাসিন্দারা। একই ছবি ধরা পড়ে ময়নাগুড়িতেও। এজন্য সংশ্লিষ্ট কাজে পোস্ট অফিসে লোকসংখ্যা বাড়ানো হয়েছে। শিলিগুড়ির কাছারি রোডের হেড পোস্ট অফিসে সকাল থেকে পুরুষ-মহিলার লম্বা লাইন। এজন্য দুপুরে ওই রাস্তায় তীব্র যানজট হয়। মাটিগাড়ার বিডি রণদীপ কলোনির বাসিন্দা সেপাল রায় পেশায় গাড়ি চালক। তিনি বলেন, আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিংক না করলে অন্নপূর্ণা যোজনা সহ সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা মিলবে না। তাই স্ত্রী অনিমার আধার কার্ডে মোবাইল নম্বর সংযুক্ত করার জন্য সকাল ৬টায় লাইন দিয়েছি। বেলা ৩টেয় কাজ হল। লেকটাউনের গৃহবধূ চম্পা দেবনাথ বলেন, সকাল ৮টায় লাইনে দাঁড়িয়েছি। কখন কাজ হবে জানি না। সকলেরই অভিযোগ, রোদ-বৃষ্টিতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে হয়রান হচ্ছি। কয়েকজন আবার লাইন ছেড়ে বাড়িও চলে যান। পোস্ট অফিসের এক অফিসার জানান, আধার কার্ডে মোবাইল নম্বর সংযুক্ত করতে কয়েকশো লোক ভিড় করছে প্রতিদিন। এজন্য কাউন্টারে কয়েকজন কর্মী বাড়ানো হয়েছে।
এদিকে, ময়নাগুড়ি পোস্ট অফিসের সামনেও সকাল ৮টাতেই লম্বা লাইন পড়ে যায়। সনকা দাস, চন্দনা রায়, প্রতিমা রায় বসাক প্রমুখ বলেন, সকালে লাইন দিয়েছি। দুপুর ১টা গড়িয়ে গেলেও কাউন্টারের কাছে পৌঁছতে পারলাম না। তাঁদের দাবি, কাজ খুব ধীর গতিতে চলছে। ময়নাগুড়ি পোস্ট অফিস সূত্রে খবর, ক’দিন ধরে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত করতে দৈনিক ৬০০ থেকে ৭০০ লোক আসছে। পোস্টমাস্টার প্রিয়ব্রত রায় অবশ্য বলেন, এদিন সকাল ৮টা নাগাদ অফিস খোলা হয়। টোকেন বিলি করে কাজ করা হচ্ছে। অতিরিক্ত দু’জন কর্মী এজন্য আনা হয়েছে।