• মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানানোর জের, বিষ্ণুপুর হাসপাতাল পরিদর্শনে জেলাশাসক
    বর্তমান | ২৩ মে ২০২৬
  • সংবাদদাতা, বিষ্ণুপুর: বিষ্ণুপুর হাসপাতালে সিন্ডিকেটরাজ সহ নানা অব্যবস্থার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাতেই শুক্রবার পরিদর্শনে এলেন বাঁকুড়ার জেলাশাসক অনীশ দাশগুপ্ত। তাঁর সঙ্গে বিষ্ণুপুরের বিধায়ক শুক্লা চট্টোপাধ্যায়, ওন্দার বিধায়ক অমরনাথ শাখা উপস্থিত ছিলেন। বিষ্ণুপুরের বিধায়ক হাসপাতালের সিন্ডিকেট রাজ সহ চিকিৎসকদের একাংশের নির্দিষ্ট সময়ে না আসা, রোগীদের সঙ্গে দুর্ব্যবহার প্রভৃতি অভিযোগ জানান। এমনকি হাসপাতালের বিভিন্ন জায়গায় জমে থাকা জল এবং নোংরা দেখিয়ে দেন। ঠান্ডা পানীয় জলের মেশিন থাকলেও তাতে জল পড়ছে না। বহু পাখা খারাপ হয়ে পড়ে রয়েছে, তা মেরামতি করা হয়নি। রোগীরাও এনিয়ে অভিযোগ তোলেন। তা দেখে জেলাশাসক অসন্তোষ প্রকাশ করেন। হাসপাতাল সুপার এবং সিএমওএইচকে গোটা বিষয়টি খতিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

    এদিন বেলার দিকে জেলাশাসক বিষ্ণুপুর হাসপাতালে আসেন। একের পর এক ওয়ার্ড পরিদর্শন করেন। কিচেন ও মা কিচেন ঘুরে দেখেন। বিষ্ণুপুরের বিধায়ক কয়েকটি জায়গায় জমে থাকা ময়লা দেখিয়ে দেন। ব্লাড ব্যাংকের বিরুদ্ধেও বিধায়ক নানা অভিযোগের কথা জেলাশাসকের কাছে জানান। জেলাশাসক ডায়ালিসিস ও এক্স-রে ইউনিটে গিয়ে দেখেন, বিশ্রামাগারে অর্ধেকের বেশি ফ্যান ঘুরছে না। ডায়ালিসিস হওয়ার পর রোগীরা সেখানে বিশ্রাম নেন। তাঁরা গরমে কাহিল হচ্ছেন। সেখানে থাকা ঠান্ডা জলের মেশিনটিও খারাপ হয়ে পড়ে রয়েছে। সেখানে থাকা রোগীরাও জেলাশাসককে কাছে পেয়ে ক্ষোভ উগরে দেন। সব মিলিয়ে বিষ্ণুপুর হাসপাতালের নানা অব্যবস্থার ছবি দেখার পর জেলাশাসক হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। সেখানে বিষ্ণুপুরের সিএমওএইচ গোপাল দাস, হাসপাতাল সুপার শুভঙ্কর কয়াল এবং বিষ্ণুপুরের বিধায়ক ও ওন্দার বিধায়ক উপস্থিত ছিলেন। অভিযোগগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন জেলাশাসক। তবে তিনি সংবাদমাধ্যমের কাছে এনিয়ে কোনো মন্তব্য করতে চাননি।

    বিষ্ণুপুরের বিধায়ক বলেন, এলাকার কেউ অসুস্থ হলে তাঁদের দেখতে বিষ্ণুপুর হাসপাতালে প্রায়ই আসি। হাসপাতালে নানা অব্যবস্থা নিজের চোখে দেখেছি। রোগীদের কাছ থেকেও বিভিন্ন সময়ে নানা অব্যবস্থার অভিযোগ পেয়েছি। হাসপাতালে সিন্ডিকেট রাজ চলছে। বৃহস্পতিবার দুর্গাপুরে প্রশাসনিক বৈঠকে আমি মুখ্যমন্ত্রীকে এব্যাপারে অভিযোগ জানিয়েছিলাম। কিন্তু, তার ২৪ ঘণ্টাও হয়নি। মাননীয় জেলাশাসক এদিন হাসপাতালে আসেন। তাঁকে নানা অব্যবস্থার ছবি দেখিয়েছি। এব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হয়েছে। অভিযোগগুলির বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ জেলাশাসক দিয়ে গিয়েছেন।
  • Link to this news (বর্তমান)