দ্বিতীয় দফায় মেট্রোর কাজ শুরু চিংড়িঘাটায়, চলবে আগামী সোমবার পর্যন্ত
বর্তমান | ২৩ মে ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চিংড়িঘাটায় দ্বিতীয় পর্যায়ে মেট্রোর কাজ শুক্রবার রাত থেকে ফের শুরু হয়েছে। সোমবার অর্থাৎ ২৫ মে সকাল ৮টা পর্যন্ত এই কাজ চলবে। শুক্রবার রাত ৮টায় কাজ শুরু কথা থাকলেও, রাত পৌনে ন’টা নাগাদ কাজ শুরু হয়েছে। দ্বিতীয় পর্যায়ে এই রুটে ৩১৮ নম্বর এবং ৩১৯ নম্বর পিলার জোড়ার কাজ হবে। কাজ শেষ হলে, চিংড়িঘাটায় প্রায় ১৫ মাস ধরে আটকে থাকা বহু প্রতীক্ষিত ৩৬৬ মিটার অংশ জুড়ে যাবে।
প্রথম পর্যায়ের মতো দ্বিতীয় পর্যায়ের কাজের জন্য ফের চিংড়িঘাটাতে যান নিয়ন্ত্রণ শুরু করেছে কলকাতা ট্রাফিক পুলিশ। কলকাতা পুলিশ সূত্রে খবর, উল্টোডাঙাগামী যানবাহন মাঝেরপাড়ায় ভেড়ির উপর দিয়ে তৈরি সার্ভিস রোড হয়ে চলাচল করছে। রুবিগামী যানবাহন চিংড়িঘাটা পর্যন্ত এসে, দক্ষিণ দিকে ৩০০ মিটার ঘুরে ফের বাইপাস ধরে সায়েন্স সিটি অভিমুখে আসছে। পাশাপাশি, মেট্রোর কাজ চলার সময়, চিংড়িঘাটা ফ্লাইওভার সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। যাতে নিউটাউনগামী যানবাহন এই ফ্লাইওভার চলতে পারে।
চিংড়িঘাটায় নিউ গড়িয়া-এয়ারপোর্ট রুটে অরেঞ্জ লাইনের এই অংশের কাজ শেষ হলে, কবি সুভাষ বা নিউ গড়িয়া থেকে সল্টলেক আইটি সেন্টার পর্যন্ত মেট্রো পরিষেবার পথ খুলে যাবে। এতে সল্টলেক, নিউ টাউনের বাসিন্দাদের পাশাপাশি সেক্টর ফাইভের লক্ষাধিক অফিসযাত্রী উপকৃত হবেন। তবে চিংড়িঘাটায় নির্মীয়মাণ অংশে মেট্রোর লাইন পাতা, বিদ্যুৎ সংযোগের কাজ শেষ করতে হবে। সব ঠিক থাকলে, চলতি বছরে পুজোর আগেই সল্টলেক আইটি সেন্টার পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে।