• মুম্বই থেকে গ্রেপ্তার শিবপুরের ত্রাস বড়ে ও তার দুই সহযোগী, ভোট পরবর্তী হিংসার মামলা, আনা হবে হাওড়ায়
    বর্তমান | ২৩ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শিবপুরের চরা বস্তিতে ভোট পরবর্তী গুলি ও বোমাবাজির ঘটনায় অবশেষে বড়ো সাফল্য পেল পুলিশ। প্রায় তিন সপ্তাহ আত্মগোপন করে থাকার পর মুম্বই থেকে পুলিশ গ্রেপ্তার করল এই মামলার তিন মূল অভিযুক্তকে। ধৃতদের মধ্যে রয়েছে শিবপুরের দুষ্কৃতী তথা তৃণমূল নেতা শামিম আহমেদ ওরফে বড়ে, তার ঘনিষ্ঠ সহযোগী আফতাব আনোয়ার ওরফে ক্রান্তি এবং জামিল আখতার। বৃহস্পতিবার গভীর রাতে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ দেওনার এলাকায় একটি আবাসনে হানা দিয়ে তাদের পাকড়াও করে। ধৃতদের হাওড়ায় নিয়ে আসার জন্য ট্রানজিট রিমান্ডের প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই হাওড়া সিটি পুলিশের একটি বিশেষ দল মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৭ মে শিবপুর এলাকায় প্রকাশ্যে গুলি ও বোমাবাজির ঘটনায় বিএনএস, আর্মস অ্যাক্ট এবং এক্সপ্লোসিভ অ্যাক্টের একাধিক ধারায় মামলা রুজু হয়েছিল। অভিযোগ, ওইদিন দুপুরের দিকে প্রায় ১০০ থেকে ১৫০ জনের একটি সশস্ত্র দল এলাকায় ঢুকে তাণ্ডব চালায়। বিজেপির সংখ্যালঘু মোর্চার হাওড়া জেলার সভাপতি সিকান্দার খানের বাড়ি লক্ষ্য করে একের পর এক বোমা ছোড়া ও গুলি চালানো হয়। ওই ঘটনায় কয়েকজন আহত হন। প্রায় ১০ থেকে ১২ রাউন্ড গুলিও চলে বলে অভিযোগ। ঘটনার পর থেকেই এলাকাজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। তদন্তে নেমে পুলিশ প্রথমে চারজনকে গ্রেপ্তার করলেও মূল চক্রী হিসাবে চিহ্নিত বড়ে এতদিন অধরাই ছিল। প্রযুক্তিগত তথ্য ও গোপন সূত্রের সাহায্যে শেষ পর্যন্ত মুম্বইয়ের দেওনার এলাকার একতা এসআরএ বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে তার হদিশ মেলে। সেখান থেকেই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

    পুলিশের দাবি, শিবপুর এলাকায় দীর্ঘদিন ধরে তোলাবাজি, জমি দখল, নির্মাণ সামগ্রীর সিন্ডিকেট, সশস্ত্র বাহিনী— সবই নিয়ন্ত্রণ করত বড়ে। ভোট পরবর্তী অশান্তির পর তার বিপুল সম্পত্তি নিয়ে চর্চা শুরু হয়। চরা বস্তিতে তার বিলাসবহুল ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে গোপন কুঠুরি ও লক্ষ লক্ষ টাকার দামি আসবাব দেখে তদন্তকারীরা চমকে যান। সেই তল্লাশির ভিডিয়ো পরে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। কয়েক বছর আগে রামনবমীকে ঘিরে অশান্তির ঘটনায় এনআইএ’র হাতেও গ্রেপ্তার হয়েছিল বড়ে। পরে জামিনে মুক্ত হয়ে সে ফের এলাকায় সক্রিয় হয়ে ওঠে বলে দাবি পুলিশের।
  • Link to this news (বর্তমান)