• মঞ্চ বাঁধলেও সভার অনুমতি মিলল না, হাওড়া স্টেশনের বাইরে তৃণমূলের বিক্ষোভ
    বর্তমান | ২৩ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হকার উচ্ছেদের প্রতিবাদে হাওড়া স্টেশনের বাইরে তৃণমূলের ডাকা প্রতিবাদ সভার অনুমতি দিল না হাওড়া সিটি পুলিশ। এমনকি, তৈরি করা মঞ্চও পরে সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এর প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে স্টেশন চত্বরে বিক্ষোভ দেখালেন তৃণমূলের কর্মী-সমর্থকরা।

    গত শনিবার রাতে হাওড়া স্টেশনের বাইরে বেআইনি দখলদারি উচ্ছেদ অভিযানে নামে আরপিএফ। ওই অভিযানে প্রায় দেড়শো দোকান, ট্রলি ও ডালা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এই ঘটনার প্রতিবাদে রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হাওড়া ও শিয়ালদহ স্টেশনে প্রতিবাদ সভার ডাক দেওয়া হয়েছিল। বুধবার শিয়ালদহ স্টেশনে তৃণমূল নেতা কুণাল ঘোষের নেতৃত্বে সভা হলেও, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক থাকায় হাওড়ায় সভার অনুমতি মেলেনি বলে দলীয় সূত্রের দাবি। বৃহস্পতিবার ফের হাওড়া স্টেশনের বাইরে সভার অনুমতি চেয়ে পুলিশ কমিশনারের কাছে আবেদন জানায় তৃণমূল। বিকাল ৪টে নাগাদ মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায় ও দক্ষিণ হাওড়ার বিধায়ক নন্দিতা চৌধুরীর নেতৃত্বে তৃণমূল কর্মীরা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় জড়ো হন। অভিযোগ, সভার জন্য মঞ্চ তৈরি করা হলেও পুলিশ তা সরিয়ে দেয়। মধ্য হাওড়ার বিধায়ক তথা তৃণমূলের হাওড়া সদরের চেয়ারম্যান অরূপ রায় বলেন, ‘পুলিশের কাছে অনুমতি চেয়েও পাইনি। আরপিএফ যেভাবে হকারদের দোকান ভেঙে দিয়েছে, তা অমানবিক। পুনর্বাসন না দিয়ে কাউকে উচ্ছেদ করা যায় না।’ তিনি জানান, হকারদের স্বার্থে আন্দোলন চলবে। ঘটনার জেরে স্টেশন চত্বরে কিছু সময় উত্তেজনা তৈরি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
  • Link to this news (বর্তমান)