দুর্নীতির প্রতিবাদে পঞ্চায়েত অফিসে বিক্ষোভ গ্রামবাসীর
বর্তমান | ২৩ মে ২০২৬
সংবাদদাতা, কাকদ্বীপ: প্রধান সহ গ্রাম পঞ্চায়েতের সব সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমার শ্রীনারায়ণপুর পূর্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরের পর থেকেই গ্রামবাসীরা ধীরে ধীরে পঞ্চায়েতের সামনে জমায়েত হতে শুরু করেন। বিকালের দিকে প্রচুর মানুষ এসে জড়ো হন সেখানে। এরপর তাঁরা বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে স্লোগান দিতে থাকেন। এদিন মূলত তাঁরা প্রধানমন্ত্রী আবাস যোজনা, খালের লিজ, ত্রিপল বণ্টন, ঘূর্ণিঝড় উম-পুন ও বুলবুলের সময় বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ, আর্থিক দুর্নীতি সহ ১৪টি নির্দিষ্ট অভিযোগ তুলে বিক্ষোভ দেখান। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর ঘটনাস্থলে আসে ঢোলাহাট থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। বিক্ষোভকারীদের মধ্যে থেকে দশজনের এক প্রতিনিধিদল পঞ্চায়েত অফিসে ঢুকে প্রধান সহ গ্রাম পঞ্চায়েতের সদস্যদের সঙ্গে আলোচনায় বসে। দীর্ঘক্ষণ এই আলোচনা চলে।
এক বিক্ষোভকারী তথা প্রাক্তন উপপ্রধান শুকদেব হালদার বলেন, ‘বৈঠকে দুর্নীতির বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। প্রধান সেই অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকটি নথিপত্র দেখিয়েছেন। সেই নথিগুলি খতিয়ে দেখা হবে। তিনি সবাইকে নিয়ে কাজ করার আশ্বাস দিয়েছেন।’ শ্রীনারায়ণপুর পূর্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিকাশ কান্তি প্রতি বলেন, ‘গ্রামবাসীদের বলা হয়েছে, কোথাও কোনো সমস্যা থাকলে আপনাদের প্রতিনিধি আসুক। পঞ্চায়েতের কর্মীরা আছেন, নিশ্চিত তাঁরা বুঝিয়ে দেবেন। এছাড়াও গ্রাম পঞ্চায়েত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য গ্রামবাসীদের কাছে আবেদন জানানো হয়েছে। আগামী দিনে সবার পরামর্শ নিয়েই পঞ্চায়েতের কাজকর্ম পরিচালনা করা হবে।’