নিজস্ব প্রতিনিধি, বারাসত: রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে এবার ‘তোলা’র টাকা ফেরতের দাবিতে পুরসভার ভাইস চেয়ারম্যানের বাড়িতে বিক্ষোভ দেখালেন টোটোচালকরা। অভিযোগ, রক্তদান শিবির, কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনার মতো বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের নামে দীর্ঘদিন ধরে টোটোচালকদের কাছ থেকে টাকা তুলতেন ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা।
শুক্রবার সন্ধ্যায় এই টাকা ফেরতের দাবিতে তাঁর বাড়িতে চড়াও হন কমবেশি ৩৫ জন টোটোচালক। শেষ পর্যন্ত দেড় মাসের মধ্যে টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন ভাইস চেয়ারম্যান। এই আশ্বাস পাওয়ার পর ওই বাড়ি ছাড়েন বিক্ষুব্ধরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল জমানায় বিভিন্ন সময়ে ওয়ার্ডে একাধিক সামাজিক কর্মসূচির নাম করে টোটোচালকদের কাছ থেকে টাকা নেওয়া হতো। প্রায় ১ লক্ষ ৩০ হাজার টাকা তোলা নেওয়া হয়েছিল বলে দাবি টোটোচালকদের। রাজনৈতিক পরিস্থিতি বদল হতেই সেই টাকা ফেরতের দাবিতে সরব হয় টোটোচালকদের একাংশ। অভিযোগ, ৪ মে ফল ঘোষণার পর থেকেই মধ্যমগ্রামের বহু টোটো ও অটোচালক গেরুয়া পতাকা লাগান নিজেদের গাড়িতে। পরে নতুন সরকার শপথ নেওয়ার পর মুখ্যমন্ত্রী ‘তোলাবাজি’ ও ‘কাটমানি’র বিরুদ্ধে কড়া বার্তা দিতেই সাহস পান তাঁরা।
এদিন সন্ধ্যায় একযোগে প্রকাশ রাহার বাড়িতে পৌঁছে টাকা ফেরতের দাবি তোলেন টোটোচালকরা। এর ফলে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা তৈরি হয়। যদিও পরে তাঁদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেন ভাইস চেয়ারম্যান। এনিয়ে প্রকাশ রাহা বলেন, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য ওঁদের কাছে টাকা চেয়েছিলাম। ওঁরা স্বেচ্ছায় দিয়েছিলেন। এদিন কয়েকজন এসে সেই টাকা ফেরত চেয়েছেন। আমি দেড় মাসের মধ্যে টাকা ফিরিয়ে দেব।