নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আয় বহির্ভূত সম্পত্তি সংক্রান্ত আগাম জামিন মামলায় হাইকোর্টে আপাতত স্বস্তি পেলেন রাজারহাট-গোপালপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি ও তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তী। শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশ, আগামী ১৯ জুন পর্যন্ত তাঁদের গ্রেপ্তার করা যাবে না। ওই দিন ফের এই মামলার শুনানি রয়েছে। রাজ্যের তরফে এদিন আদালতে কড়া পদক্ষেপ না করার বিষয়ে মৌখিক আশ্বাস দেওয়া হয়েছিল। তারপর এই নির্দেশ দিয়েছেন বিচারপতি সেনগুপ্ত। তবে দেবরাজ ও অদিতির সম্পত্তি নিয়ে তদন্তের অগ্রগতির রিপোর্ট তলব করেছে হাইকোর্ট। এদিন অদিতি ও দেবরাজের হয়ে হাইকোর্টে সওয়াল করেছেন সিপিএম নেতা আইনজীবী বিকাশ ভট্টাচার্য। সিপিএমের কর্মী-সমর্থকদের একাংশ বিকাশবাবুর এই কাজ ভালো চোখে দেখছেন না বলে অভিযোগ। যদিও বিকাশবাবু বলেছেন, ‘না জেনে না বুঝে এসব কথা বলা হচ্ছে। যাঁরা বলছেন, তাঁরা মামলার বিষয়বস্তু সম্পর্কে ওয়াকিবহাল নন। সিপিএম কর্মী-সমর্থকদের উপর ভোট পরবর্তী হিংসা নিয়ে আমি ওঁদের হয়ে মামলা লড়ছি না। এটা আয়ে অসঙ্গতি সংক্রান্ত মামলা।’