• নিম্নমানের সামগ্রী দিয়ে সেতু নির্মাণ, পাথরপ্রতিমায় বিক্ষোভ
    বর্তমান | ২৩ মে ২০২৬
  • সংবাদদাতা, কাকদ্বীপ: নিম্নমানের সামগ্রী দিয়ে সেতু নির্মাণের অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে শুক্রবার পাথরপ্রতিমার দক্ষিণ গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গিয়েছে, গত এক বছর ধরে বানাইয়া খালের উপরে একটি সেতু নির্মাণের কাজ চলছে। এই সেতু নির্মাণের জন্য প্রায় ১ কোটি ২২ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল। এলাকাবাসীর অভিযোগ, এখানকার কয়েকজন ব্যক্তির মদতে নির্মাণকারী সংস্থা নিম্নমানের সামগ্রী দিয়ে সেতু নির্মাণ করছে। নির্দিষ্ট সূচি মেনে কাজ করা হচ্ছে না। তাই এলাকাবাসী একত্রিত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের দাবি, নির্দিষ্ট সূচি মেনে স্বচ্ছতার সঙ্গে সেতুটি নির্মাণ করতে হবে।

    এবিষয়ে বিক্ষোভকারী মিঠুন হালদার বলেন, ‘সরকারি নিয়ম মেনে কাজ করা হচ্ছে না। নিম্নমানের বালি সহ বিভিন্ন সামগ্রী ব্যবহার করা হচ্ছে। স্থানীয় কিছু ব্যক্তির মদতে নির্মাণকারী সংস্থা এই কাজ করছে। সেকারণেই স্থানীয় বাসিন্দারা ওয়ার্ক অর্ডার দেখতে চেয়েছেন। সেই অর্ডার অনুযায়ী এখানে স্বচ্ছতার সঙ্গে সেতু নির্মাণ করতে হবে।’ এদিন বিক্ষোভের জেরে নির্মাণকারী সংস্থার ম্যানেজার ওয়ার্ক অর্ডার দেখাতে বাধ্য হন। তিনি সবার সামনে বরাতের কাগজ দেখিয়ে স্বচ্ছতার সঙ্গে সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। 
  • Link to this news (বর্তমান)