• উলুবেড়িয়ার হাটগাছা ২ পঞ্চায়েতে বিজেপির ডেপুটেশন ঘিরে উত্তেজনা
    বর্তমান | ২৩ মে ২০২৬
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: গ্রাম পঞ্চায়েতের দুর্নীতি সহ একাধিক দাবিতে বিজেপির ডেপুটেশনকে ঘিরে উত্তেজনা ছড়াল উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের হাটগাছা গ্রাম পঞ্চায়েতে। অভিযোগ, এদিন ডেপুটেশনকে ঘিরে পঞ্চায়েত অফিস ভাঙচুর করা হয়। পরে পুলিশ তাড়া করে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়। যদিও বিজেপি নেতৃত্বের দাবি, পুলিশের লাঠিচার্জে তাদের একাধিক কর্মী-সমর্থক আহত হয়েছেন। তাঁদের উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে ভরতি করা হয়েছে। তবে পুলিশ লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করেছে।

    জানা গিয়েছে, হাটগাছা গ্রাম পঞ্চায়েত অফিসে বিভিন্ন দুর্নীতির পাশাপাশি কাজের খতিয়ান নিয়ে শুক্রবার বিজেপির পক্ষ থেকে ডেপুটেশন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। সেইমতো এদিন বিকালে বিজেপির কর্মী-সমর্থকরা পঞ্চায়েত অফিসে ডেপুটেশন দিতে যান। এই কর্মসূচিকে কেন্দ্র করে এদিন পঞ্চায়েত অফিসে ব্যাপক পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। অভিযোগ, এদিন আন্দোলনকারীরা আচমকা উত্তেজিত হয়ে পঞ্চায়েত অফিস ভাঙচুর করে। পরিস্থিতি সামলাতে পুলিশ মৃদু লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের হটিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপির ৫ নম্বর মণ্ডলের সভাপতি অর্ঘ্য দাস বলেন, এদিন বিজেপির শান্তিপূর্ণ ডেপুটেশন চলাকালীন তৃণমূল কর্মীরা পরিকল্পিতভাবে পঞ্চায়েত অফিসে ভাঙচুর চালায়। তখন পরিস্থিতি সামলাতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। এই ঘটনায় আমাদের ১৫ জনের বেশি কর্মী আহত হয়েছেন। যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছেন উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের তৃণমূল সভাপতি দুলাল কর। তিনি বলেন, বিজেপির ডেপুটেশন ছিল, সেখানে তৃণমূলের কর্মীরা কেন যাবেন। আর এই অবস্থায় কেনই বা তৃণমূল কর্মীরা পঞ্চায়েত অফিস ভাঙচুর করবেন, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। অন্যদিকে লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এক কর্তা বলেন, পরিস্থিতি সামলাতে পুলিশ একটু ধাক্কাধাক্কি করেছে। কোনো লাঠিচার্জের ঘটনা ঘটেনি। যদিও লাঠিচার্জের ঘটনায় যুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে উলুবেড়িয়া থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি।   নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)