• তৃণমূল কাউন্সিলারদের পদত্যাগে পরিষেবায় সমস্যা হবে না: পুরমন্ত্রী, প্রয়োজনে প্রশাসক নিয়োগ
    বর্তমান | ২৩ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভাটপাড়া, হালিশহর, কাঁচরাপাড়া সহ বিভিন্ন পুরসভায় লাইন দিয়ে পদত্যাগ করছেন তৃণমূল কাউন্সিলাররা। তবে এর ফলে পুর-পরিষেবায় কোনো সমস্যা হবে না বলেই শুক্রবার জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেক্ষেত্রে প্রশাসক বসিয়ে মানুষকে পরিষেবা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। মন্ত্রীর কথায়, ‘দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থেকেও কোনো কাজ করেনি তৃণমূল সরকার। কাউন্সিলাররা পরিষেবা দেওয়ার থেকে অন্য কাজে বেশি ব্যস্ত থাকতেন। ফলে তাঁরা এখন না এলে পরিষেবা প্রদানে খুব একটা সমস্যা হবে বলে মনে হয় না। সেক্ষেত্রে নির্বাচন না হওয়া পর্যন্ত আমাদের আধিকারিকরাই প্রশাসক হিসাবে পরিষেবা সুনিশ্চিত করবে।’ 

    এদিকে, পুর-পরিষেবার সঙ্গে জড়িত সবার জন্য বায়োমেট্রিক অ্যাটেনডেন্স বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। আর যাঁদের এলাকায় ঘুরে ঘুরে কাজ করতে হয়, তাঁদের দেওয়া হবে বিশেষ আইডেন্টিটি কার্ড। এর ফলে তাঁরা কোথায় কখন রয়েছেন, তা ধরা পড়বে এক ক্লিকেই। মন্ত্রীর সাফ কথা, ‘অফিস টাইমের আগে বা পরে নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। কিন্তু অফিস টাইমে মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়াই হবে একমাত্র কাজ।’  কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত সমস্যা মেটাতে শীঘ্রই তিনি হাওড়া এবং উত্তরবঙ্গে যাবেন বলে জানিয়েছেন অগ্নিমিত্রা।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)