শহরের পানশালায় কিশোরী নর্তকীকে ধর্ষণ মামলায় দুই অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট
বর্তমান | ২৩ মে ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শেক্সপিয়র সরণিতে এক পানশালায় কিশোরী নর্তকীকে ধর্ষণের মামলায় ধৃত দুই অভিযুক্তের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করল পুলিশ। শুক্রবার কলকাতার বিচারভবনের বিশেষ পকসো আদালতের বিচারক পাপিয়া দাসের এজলাসে চার্জশিট পেশ করেন তদন্তকারী অফিসার অঞ্জনা বোস। অপহরণ, ধর্ষণ, পকসো আইনে এই চার্জশিট দেওয়া হয়। জেল হেপাজতে থাকা দুই অভিযুক্তের নাম রীতেশ জাজু ও শাহরুখ গাড্ডি। সরকারি কৌঁসুলি সৈকত পান্ডে জানান, ‘সাক্ষী রয়েছেন আটজনকে। বিচারকের কাছে গোপন জবানবন্দি দেন তিনজন। এছাড়াও অন্যান্য আইনি প্রক্রিয়ার বিভিন্ন তথ্য তুলে ধরা হয় এই চার্জশিটে।’ এদিন দুই অভিযুক্তকে আদালতে হাজির করানো হয়। বিচারক তাদের ৮ জুন পর্যন্ত জেল হেপাজতে রাখার নির্দেশ দেন। অভিযুক্তরা জামিনের আবেদন জানালে ৮ জুন তার উপর শুনানি হবে। সরকারি কৌঁসুলি বলেন, ‘অভিযুক্তদের জেলে রেখেই বিচার চায় সরকারপক্ষ।’
আদালত সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের প্রথম দিকে ১৭ বছরের ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। বিষয়টি চেপে যাওয়ার জন্য তাকে নানাভাবে ভয় দেখানো হয়। পরে কিশোরী গর্ভবতী হয়ে পড়ে। তাকে ভরতি করা হয় কলকাতার এক বেসরকারি হাসপাতালে। সেখানে সে এক সন্তানের জন্ম দেয়। যেহেতু কিশোরী নাবালিকা, তাই হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করে।
এদিকে, শিশুটির প্রকৃত জন্মদাতা কে, তা জানতে আদালতের নির্দেশে অভিযুক্তদের ডিএনএ পরীক্ষা করা হয়। সরকারি আইনজীবী বলেন, ‘সেই রিপোর্ট এখনও হাতে আসেনি পুলিশের। তাই প্রয়োজনে অভিযুক্তদের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হবে।’