• আইএএস দম্পতির সন্তান সংরক্ষণের সুবিধা কেন পাবে, প্রশ্ন সুপ্রিম কোর্টের
    এই সময় | ২৩ মে ২০২৬
  • এই সময়: সংরক্ষণ ব্যবস্থা নিয়ে শুক্রবার গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। একটি মামলার পর্যবেক্ষণে শীর্ষ আদালত প্রশ্ন তোলে, যদি বাবা-মা আইএএস অফিসার হন, তাঁদের সন্তানরা সংরক্ষণের সুবিধা পাবে কেন?

    যে সব পরিবার ইতিমধ্যেই সংরক্ষণের সুবিধা নিয়ে শিক্ষাগত ও অর্থনৈতিক উন্নতি লাভ করেছে, তাদের ছেলেমেয়েদের জন্য কোটার যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের বিচারপতি বিভি নাগরত্ন বলেন, ‘বাবা-মা দু’জনেই আইএএস অফিসার, অথচ তাঁদের সন্তান ওবিসি সংরক্ষণের সুবিধা চাইছেন! এই রকম চলতে থাকলে আমরা কোনওদিন সংরক্ষণ থেকে বেরোতে পারব না। এই বিষয়টি নিয়ে ভাবা দরকার। এই সব পরিবারের উচিত সংরক্ষণ ব্যবস্থা থেকে বেরিয়ে আসা।’

    কর্নাটকের একটি ওবিসি সংক্রান্ত মামলার শুনানি চলছিল সুপ্রিম কোর্টে। মামলাটি কর্নাটকের কুরুবা সম্প্রদায়ের এক ইঞ্জিনিয়ারের, যিনি ওবিসি কোটায় সরকারি চাকরি পেয়েছিলেন। পরে দেখা যায়, তিনি ‘ক্রিমি লেয়ার’-এর মধ্যে পড়েন ও তাঁর বাবা-মা দুজনেই সরকারি চাকরি করেন। তাঁদের পারিবারিক আয় প্রায় ২০ লক্ষ টাকা। ফলে যাচাই কমিটি ওই চাকরিপ্রার্থীকে সংরক্ষণের শংসাপত্র দিতে অস্বীকার করে। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হওয়া মামলায় বিচারপতি বিভি নাগরত্ন ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চের এই পর্যবেক্ষণ।

    শুনানির সময়ে সংরক্ষণের প্রাসঙ্গিকতা নিয়ে একাধিক বার বিচারপতি নাগরত্নকে প্রশ্ন তুলতে দেখা যায়। তাঁর বক্তব্য, অর্থনৈতিক ও শিক্ষাগত উন্নতি এবং ক্ষমতায়নের সঙ্গে সঙ্গে সামাজিক অবস্থানেও বিস্তর পরিবর্তন আসে। যাঁদের মা-বাবা উচ্চশিক্ষিত, উচ্চপদে চাকরিরত ও প্রচুর আয় করেন, তাঁদের কেন সংরক্ষণের সুবিধা দেওয়া হবে?

  • Link to this news (এই সময়)