• অবহেলায় পড়ে রূপনারায়ণের চরে, ফের সিলভার জেট চালুর আর্জি মুখ্যমন্ত্রীকে
    এই সময় | ২৩ মে ২০২৬
  • দিগন্ত মান্না, পাঁশকুড়া

    ১৯৯৬ সালে তৎকালীন বামফ্রন্ট সরকারের উদ্যোগে চালু হয়েছিল ‘সিলভার জেট’ পরিষেবা। বিলাসবহুল দ্রুতগামী সিলভার জেটে চড়ে মাত্র দেড় ঘণ্টায় কলকাতা থেকে পৌঁছে যাওয়া যেত হলদিয়ায়। প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু থেকে শুরু করে বহু ভিআইপি চড়েছেন সেই সিলভার জেটে। মূলত ব্যবসা–বাণিজ্যকে মাথায় রেখেই চালু করা হয়েছিল এই পরিষেবা। কিন্তু শুরুতে সাড়া ফেললেও বছর পাঁচেক পরে বন্ধ হয়ে যায় জলপথে এই যাত্রী পরিবহণ ব্যবস্থা। ১০ কোটি টাকা মূল্যের সিলভার জেট এখন রূপনারায়ণের চরে পড়ে থেকে নষ্ট হচ্ছে। বাম আমলের পরে তৃণমূল ক্ষমতায় এলেও পরিস্থিতির পরিবর্তন হয়নি। কিন্তু ফের হাতবদলে রাজ্যে ক্ষমতায় বিজেপি এবং মুখ্যমন্ত্রী এই জেলারই বাসিন্দা। ফলে পূর্ব মেদিনীপুরের ব্যবসায়ীদের অনেকেই চাইছেন, নতুন করে ফের চালু হোক এই ক্রুজ সার্ভিস।

    নব্বইয়ের দশকে ১৬ নম্বর জাতীয় সড়ক (তখন ছিল ৬ নম্বর) ছিল 'সিঙ্গল লেন'- এর। রাস্তায় দুর্ঘটনা আর যানজট লেগেই থাকত। সড়ক পথে কলকাতা থেকে হলদিয়া যেতে বিশেষ সমস্যায় পড়তে হত শিল্পপতি এবং ব্যবসায়ীদের। তৎকালীন রাজ্য সরকারের উদ্যোগে ব্যক্তিগত মালিকানায় সুদূর অস্ট্রেলিয়া থেকে আনা হয় প্রায় একশো ফুট লম্বা বিলাসবহুল দ্রুতগামী একটি সিলভার জেট। ১০ কোটি টাকা মূল্যের ওই জলযানে চড়ে মাত্র দেড় ঘণ্টায় কলকাতা থেকে পৌঁছে যাওয়া যেত হলদিয়ায়। বছর পাঁচেক চলার পরে নানা কারণে বন্ধ হয়ে যায় পরিষেবা। হলদিয়া থেকে জলপথে এখন আর সরাসরি কলকাতা যাওয়া যায় না। সড়ক পথ ধরে হলদিয়া থেকে কলকাতা পৌঁছতে ন্যূনতম চার ঘণ্টা সময় লাগে। সিলভার জেটের মতো ক্রুজ পরিষেবা ফের চালু হলে উপকৃত হবেন হলদিয়া শিল্পাঞ্চল এলাকার শিল্পপতি থেকে শুরু করে ব্যবসায়ীরা। প্রসেনজিৎ কুইলা নামে এক ব্যবসায়ী বলেন, ‘এক সময় কলকাতা এবং হলদিয়ার মধ্যে ক্রুজ পরিষেবা চালু ছিল। হলদিয়া থেকে অল্প সময়ে সরাসরি কলকাতায় যেতে গেলে জলপথে যাত্রী পরিবহণ শুরু করতে হবে। নতুন সরকারের কাছে আবেদন, নতুন করে জলপথে যাত্রী পরিবহণ শুরু করা হোক। এতে আমার মতো অনেক ব্যবসায়ী উপকৃত হবেন।’

    হলদিয়ার নব নির্বাচিত বিজেপি বিধায়ক প্রদীপকুমার বিজলি বলেন, ‘আমি সিলভার জেটে একাধিক বার চড়েছি। খুবই আরামদায়ক যাত্রা। যাত্রী কমে যাওয়ার কারণে সিলভার জেট বন্ধ হয়ে যায়। তবে কলকাতা-হলদিয়া জলপথে যাত্রী পরিবহণ চালু হলে হলদিয়ার বহু শিল্পপতি, ব্যবসায়ী উপকৃত হবেন। পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠনের পর বিষয়টি সরকারের নজরে আনব।’

  • Link to this news (এই সময়)