এই সময়, দুর্গাপুর: বেসরকারি ইস্পাত কারখানার ফার্নেস বিস্ফোরণে ঝলসে গেলেন চার কর্মী। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে কাঁকসা ব্লকের বামুনাড়া শিল্পতালুকে একটি বেসরকারি কারখানায়। ঝলসে যাওয়া কর্মীদের রাজবাঁধ এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুই কর্মীর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। দুর্ঘটনার পরে প্রকাশ্যে আসে, গত ২২ মাস ধরে এই কর্মীদের পিএফ ও ইএসআইয়ের টাকা জমা হয়নি। এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল ৬টার প্রচণ্ড শব্দে বিস্ফোরণ হয় ওই কারখানায়। ফার্নেসের ভিতরে থাকা তরল ইস্পাত ছলকে চার কর্মীর শরীরে লাগে। সবার কোমরের উপরের অংশ ঝলসে যায়। সঙ্গে সঙ্গে চার জনকে রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান সহকর্মীরা। সকাল ১০টা নাগাদ দুই কর্মী পরিমল বিশ্বাস ও নিরঞ্জন বাগদির শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।
জখম কর্মীদের দুর্গাপুরে ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলা হলে জানা যায়, গত ২২ মাস ধরে কারখানার একাধিক কর্মীর পিএফ ও ইএসআইয়ের টাকা জমা হয়নি। এর পরেই পরিমল ও নিরঞ্জনকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করার ব্যবস্থা করেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা শুভাশিস মুখোপাধ্যায় বলেন, ‘কারখানা কর্তৃপক্ষের দেখা পাওয়া যায়নি। চার কর্মীর চিকিৎসার খরচ তাঁদেরই বহন করতে হবে।’