• Breaking News Live: উত্তরপ্রদেশে ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ৪ জনের
    এই সময় | ২৩ মে ২০২৬
  • শিয়ালদায় সরকারি উদ্যোগে রোজগার মেলা। শনিবারের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ ছাড়াও উপস্থিত রয়েছেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার।

    উত্তরপ্রদেশে বরাবাঁকি জেলায় শনিবার ভোরে মর্মান্তিক দুর্ঘটনা। ডাম্পারে পিষ্ট হয়ে একই পরিবারের চারজনের মৃত্যু। মৃতদের মধ্যে রয়েছেন বাবা, দুই ছেলে ও এক মেয়ে। সন্তানদের মা গুরুতর জখম। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বরাবাঁকি জেলায় ফতেপুর-ভানাউলি রাস্তায় বাড়ির বাইরে রাস্তায় মশারি টাঙিয়ে ঘুমিয়েছিলেন চারজন। ডাম্পার চালক বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন। ঘুমন্তদের উপর দিয়ে ডাম্পার চালিয়ে দেন তিনি। পুলিশ ডাম্পার চালকের খোঁজ করছে।

    দক্ষিণ দমদম পুরসভার তৃণমূল কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যু। রবিবার সকালে ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় দাসের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ঘরের মধ্যে থেকে। এর পরে নাগেরবাজারের ILS হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সূত্রের খবর, মৃত কাউন্সিলর সঞ্জয় দাস, দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ। ডিপ্রেশনে ভুগছিলেন ওই কাউন্সিলর, খবর স্থানীয় সূত্রে।

    উত্তর-পূর্ব দিল্লির শাস্ত্রী পার্ক ফার্নিচার মার্কেটের বহু দোকান ভস্মীভূত। শুক্রবার রাতে নিউ সিলামপুর মেট্রো স্টেশন লাগোয়া ওই মার্কেটে আগুন লাগে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে খবর। দমকলের গাড়ি দেরিতে আসে, এই অভিযোগে ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। দমকলের ইঞ্জিন লক্ষ্য করে ইট, পাথরও ছোড়া হয় বলে অভিযোগ। পরে পুলিশের বড় বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দমকল সূত্রে খবর, একাধিক দোকানে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দমকলের ২৫টি ইঞ্জিন দীর্ঘক্ষণের চেষ্টায় শনিবার ভোরের দিকে আগুন আয়ত্তে আনে। সকালে দমকলের কর্মীরা 'কুলিং' প্রক্রিয়া শুরু করেছেন।

    রবিবার কলকাতায় পৌঁছে মাদার হাউসে গেলেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও। এর পরে তিনি যাবেন ভিক্টোরিয়া মেমোরিয়ালে।

    তোলাবাজি ও মারধরের ঘটনায় গ্রেপ্তার বরানগরের তৃণমূল নেতা শঙ্কর রাউত-সহ ৪।তৃণমূল নেতা ছাড়াও ধৃতদের মধ্যে রয়েছেন অর্পণ দত্ত, বনি নামে দুই ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে বরানগরে একটি ঝামেলায় জড়িয়ে পড়েন ধৃতরা। আরও অভিযোগ, সেখান থেকে পুলিশের স্টিকার লাগানো গাড়িতে করে, বরানগর স্টেট জেনারেল হাসপাতালে পৌঁছন শঙ্কর রাউত। সেখানে স্থানীয়দের বিক্ষোভের মুখে প়ড়ে তাঁর গাড়ি। তার পরে শনিবার সকালে তাদের গ্রেপ্তার করা হয় তৃণমূল নেতা-সহ ৪ জনকে। 

    পূর্ব বর্ধমানের মেমারিতে রাজনৈতিক অস্থিরতা। শুক্রবার মেমারির ১০ নম্বর ওয়ার্ডের চাকতি পাড়া এলাকায় বিজেপি দলীয় বৈঠক চলছিল। অভিযোগ, বৈঠক চলাকালীন একদল দুষ্কৃতী অতর্কিতে হামলা চালায় বিজেপি কর্মীদের উপর। বিজেপির অভিযোগের তির তৃণমূলের দিকে। ঘটনায় গুরুতর জখম অন্তত চার বিজেপি কর্মী। ঘটনার ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    চিনের কয়লাখনিতে মৃতের সংখ্যা বেড়ে ৮। স্থানীয় সময় শুক্রবার সেখানের একটি কয়লা খনিতে কার্বন মনোক্সাইড মাত্রা আচমকা বেড়ে যায়। যার জেরেই ঘটে বিপত্তি। খনির ভিতরে আটকে পড়েছেন বহু শ্রমিক। যুদ্ধাকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। ঘটনাটি ঘটেছে উত্তর চিনের শানসি প্রদেশের লিউশেনিউ কয়লা খনিতে। 

     ৯ দিনের মাথায় ফের বাড়ল পেট্রল-ডিজ়েলের দাম। কলকাতায় প্রতি লিটারে পেট্রলের দাম বাড়ল ৯৪ পয়সা। লিটার প্রতি ডিজ়েলের দাম বাড়ল ৯৫ পয়সা। অর্থাৎ কলকাতায় লিটার প্রতি পেট্রলের নতুন দাম ১১০ টাকা ৬৪ পয়সা। অন্যদিকে, ১ লিটার ডিজ়েলের দাম পড়বে ৯৭ টাকা ০২ পয়সা। 

    চার দিনের ভারত সফরে মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও। শনিবার কলকাতায় এলেন তিনি। সকাল থেকেই শহরে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। প্রথমে তিনি মাদার হাউসে যাবেন। সেখানে প্রার্থনা সেরে যাবেন ভিক্টোরিয়া মেমোরিয়ালে। তাঁর এই সফরের মূল লক্ষ্য হলো ভারত-আমেরিকার সম্পর্ক আরও জোরদার করা। মার্কিন বিদেশসচিবের কর্মসূচিতে কলকাতা ছাড়াও রয়েছে দিল্লি, আগ্রা এবং জয়পুর।  ২৬ মে চতুর্দেশীয় জোট কোয়াডের বিদেশমন্ত্রীদের বৈঠক রয়েছে দিল্লিতে। ওই সম্মেলনে যোগ দেবেন মার্কো রুবিও।

    হাঁসফাঁস গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। বৃষ্টি হলেও মিলছে না স্বস্তি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত আবহাওয়া পরিবর্তনের বিশেষ কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছিই রয়েছে। তবে বাতাসে আর্দ্রতার কারণে বাড়ছে অস্বস্তি।

  • Link to this news (এই সময়)